২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার এসেছে শোকাবহ ১৫ আগস্ট

১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে কিছু উচ্চাভিলাসী রাজনীতিকের চক্রান্তে সেনাবাহিনীর একদল বিপথগামী, উচ্ছৃঙ্খল সদস্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বাঙালি জাতির সেই শোকাবহ দিনটি আবার এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকীকে জাতি একই সঙ্গে স্বরণ করবে তার পরিবারের নিহত সদস্যদের। ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি ছয় বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা নারীও। লিখেছেন রাজনৈতিক সংবাদদাতা সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 06:17 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সুমন মাহবুব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের এই দিনে কিছু বিশ^াসঘাতক রাজনীতিকের চক্রান্তে সেনাবাহিনীর একদল বিপথগামী, উচ্ছৃঙ্খল সদস্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বাঙালি জাতির সেই শোকাবহ দিনটি আবার এসেছে। শেখ মুজিবুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকীকে জাতি একই সঙ্গে স্বরণ করবে তার পরিবারের নিহত সদস্যদের। ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি ছয় বছরের শিশু থেকে অন্তঃসত্ত্বা নারীও। বিপথগামী ও উচ্ছৃঙ্খল সেনা সদস্যরা সেদিন বঙ্গবন্ধু ছাড়াও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধু অনুজ শেখ নাসের, বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু; বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত, রিন্টু, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিলসহ কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের হত্যা করে। ১৯৭৫-এর পর ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে পালিত হয়ে আসছে ১৫ আগষ্ট। '৭৫ এর পর ১৯৯৫ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয়ভাবে দিনটি পালিত হয়নি। দিনটি কেটে যেতো রাষ্ট্রীয় অবহেলায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৬ সালে প্রথমবারের মতো ১৫ আগষ্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী পাঁচ বছর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে। ২০০১ সালে চার দলীয় জোট ক্ষমতায় এসে জাতীয় শোক দিবস বাতিল করে দেয়। একই সঙ্গে জাতীয় পতাকা বিধিসংশোধন করে সরকারিভাবে নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০০২ সাল থেকে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি মধ্য দিয়েই জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। এ বছর ভিন্ন এক পরিস্থিতিতে পালিত হতে যাচ্ছে দিনটি। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা কারাগারে। দেশে জরুরি অবস্থা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সীমিত পরিসরে ১৫ আগস্ট পালনের উদ্যোগ নিয়েছেন। বঙ্গবন্ধুর মৃতুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো প্রতিবছর মাসব্যাপী কর্মসূচি পালন করলেও এবার ১৫ আগষ্ট দিনটি ছাড়া আর কোনো কর্মসূচি নেওয়া হয়নি। আলোচনা সভা অনুষ্ঠানের অনুমতিও পায়নি দলটি। অন্যদিকে পাঁচ বছর পর এবার আবার রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ১৫ আগস্টে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। রাষ্টপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ছাড়াও তিন বাহিনীর প্রধানদেরও টুঙ্গীপাড়ায় যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুরে বন্যা দূর্গতদের মাঝে খাদ্য বিতরণ করবে দলটি। বন্দীদশা থেকে স্বপ্নের স্বাধীন বাংলাদেশে ফিরেই নিজেকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে নিয়োজিত করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে চক্রান্তের জাল বিছিয়ে চলেছিল সেই অশুভ শক্তি। ষড়যন্ত্রকে বাস্তব রূপ দিতে সেনাবাহিনীর বিপথগামী ও উচ্চাভিলাষী কিছু সদস্যকে ব্যবহার করা হয়েছিলো ১৫ আগস্টে। পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর খুনিদের আড়াল করার চেষ্টা হয়েছে। এদের অনেককে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে তাদের চাকরি দিয়ে পুরস্কৃতও করা হয়েছে। জিয়াউর রহমান ক্ষমতায় এসেই বিশে^র ইতিহাসে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধুর বাসভবনের আবাসিক একান্ত সহকারী মহিতুল ইসলাম বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের করেন। সে বছরের ১২ নভেম্বর বিচারের পথে অন্তরায় কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জাতীয় সংসদে বিলোপ করা হয়। পরের বছরের ১৫ জানুয়ারি ১৯ জনকে আসামি করে সিআইডি অভিযোগপত্র দেয়। দীর্ঘ ১৪৯ দিন সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের পর ১৯৯৮ সালের ৮ নভেম্বর তৎকালীন জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল ১৫ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। এরপর অনেক চড়াই-উতরাইয়ের পর ২০০০ সালের ২৮ জুন হাইকোর্টে বঙ্গবন্ধু হত্যা মামলার 'ডেথ রেফারেন্স' ও আপিলের শুনানি শুরু হয়। ২৮ নভেম্বর শুনানি শেষে ১৪ ডিসেম্বর হাইকোর্টের দু'বিচারপতি দ্বিধাবিভক্ত রায় দেন। পরের বছর ৩০ এপ্রিল তৃতীয় একক বিচারপতি ১২ আসামির মৃত্যুদন্ড বহাল রাখেন। কিন্তু, এই রায় কার্যকর করা সম্ভব হয়নি। সর্বোচ্চ আদালতের নির্দেশে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়। দীর্ঘ ছয় বছর পর গত সাত আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চে মৃত্যুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামির লিভ টু আপিলের শুনানি শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন অবসানের পর পূর্ব পাকিস্তানে ছাত্রলীগ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধু রাজনৈতিক অঙ্গনের আলোচনায় আসেন। এরপর '৫২-র ভাষা আন্দোলন, '৫৪-তে যুক্তফ্রন্টের নির্বাচন, '৬৬-তে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা এবং '৬৮-তে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসেবে শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। ১৯৬৯-এ ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবকে কারামুক্ত করে ছাত্ররা তাকে বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করে। ১৯৭১ সালের উত্তাল মার্চে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিপ্লবী কন্ঠে বঙ্গবন্ধুর স্বাধীনতার চূড়ান্ত ডাক