ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য গৃহনির্মাণ সাহায্য হিসেবে ১২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই অর্থ থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পাঁচ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত নিয়মিত ব্রিফিংয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী এ তথ্য জানান।
স্বাস্থ্য ও পানি সম্পদ উপদেষ্টা ডা. এএসএম মতিউর রহমান, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ধীরাজ মালাকার, স্বাস্থ্য সচিব একেএম জাফরউল্লাহ খান, পানি সম্পদ সচিব সৈয়দ মোহাম্মদ জোবায়ের ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের বন্যা মনিটরিং সেলের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার জাহিদ হোসেন এসময় সেখানে উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ত্রাণ বিতরণে যেতে না দেওয়া ও একটি রাজনৈতিক দলের প্রধান মোটর শোভাযাত্রা করে ত্রাণ বিতরণর জন্য মানিকগঞ্জে যাওয়ার ঘটনাটি সরকারের দ্বিমুখি নীতির পরিচয় বহণ করছে কিনা জানতে চাইলে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "নিরাপত্তার কারণেই তাকে (খালেদা জিয়া) ত্রাণ বিতরণে যেতে দেওয়া হয়নি। নিরাপত্তা ছাড়া তার ক্ষেত্রে আর কোনো বাধা নেই। আর তার নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে।"
তবে উপদেষ্টা মানিকগঞ্জের মোটর শোভাযাত্রার বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করেননি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মনিটরিং সেলের কর্মকর্তা জাহিদ হোসেন জানান, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রায় সব নদ-নদীর পানি এখনো বিপদ সীমার আট থেকে ৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিুচাপের প্রভাবে বন্যা পরিস্থিতির উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, বন্যায় ৩৯টি জেলার ২৪৯টি উপজেলার এক কোটি তিন লাখ ২৬ হাজার ৬০১ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক হাজার চারটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন দুই লাখ ৩২ হাজার ৭২৩ জন বন্যাদুর্গত মানুষ।
তপন চৌধুরী জানান, গত ২১ দিনে সরকার দুর্গতদের মাঝে ১৩ হাজার ৭৬৫ টন চাল, চার কোটি ১৬ লাখ ৫১ হাজার নগদ টাকা এবং উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ৪১ লাখ ৫০ হাজার বরাদ্দ করেছে।
এছাড়া দুর্গত পরিবারগুলোর জন্য গৃহনির্মাণ বাবদ ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ছয় কোটি এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর থেকে ছয় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দুর্গত এলাকাগুলোতে বিতরণের জন্য পর্যাপ্ত ওষুধের মজুদ সরকারের রয়েছে। সারাদেশে তিন হাজার ২০৭টি চিকিৎসক দল দুর্গতদের মধ্যে কাজ করে যাচ্ছে।
তিনি জানান, এবারের বন্যায় এ পর্যন্ত ৪৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে পানিতে ডুবে ৩৯৪ জন, সাপের কামড়ে ২৭ জন, ডায়রিয়ায় ১৫ জন এবং নিউমোনিয়ায় সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা আরো জানান, দুর্গম এলাকাগুলোতে চিকিৎসা সহায়তা বাড়াতে সরকার ভ্রাম্যমাণ হাসপাতালের সংখ্যা ২২টি থেকে বাড়িয়ে ২৮টি করেছে। এ ধরনের প্রতিটি হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স, একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন শিশু বিশেষজ্ঞ, একজন চক্ষু চিকিৎসক, একজন প্যারামেডিক ও একজন নার্স থাকছেন। ঢাকায় পাঁচটি, টাঙ্গাইল ও শেরপুরে তিনটি করে, জামালপুর, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে দুটি করে এবং শরীয়তপুর, নাটোরের চলনবিল ও চাঁদপুরের হাইমচরে একটি করে ভ্রাম্যমাণ হাসপাতাল কাজ করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৮৫৪ ঘ.
bdnews24