চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বদলি সংক্রান্ত জটিলতা নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজে দু'দিন ধরে চলা অচলাবস্থার অবসান হয়েছে।
সোমবার বিকেল ৪টায় বিদায়ী কমিশনার মো. ফরিদ উদ্দিন নতুন কমিশনার লুৎফর রহমানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেন। একই সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউজে বদলি হয়ে আসা যুগ্ম কমিশনার মো. বেলাল হেসেন, আশরাফ আলী ফারুক ও সহকারী কমিশনার মোকাররম হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।
কাস্টমস হাউজের বিদায়ী যুগ্ম কমিশনার মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার অফিস ছুটির আগে কমিশনারদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের মধ্যে দিয়ে বিব্রতকর অবস্থার অবসান হয়েছে।
তিনি বলেন, কাস্টমসের চলমান সংস্কার কার্যক্রমের ওপর মঙ্গলবার সকালে একটি সেমিনার হবে। ওই সেমিনার শেষে বদলির আদেশ পাওয়া কমিশনার মো. ফরিদ উদ্দিন ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিতে চলে যাবেন।
জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমস হাউজ কমিশনার মো. ফরিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার সাইফুল ইসলাম, দুই যুগ্ম কমিশনার মাশুক হোসেন ও মতিউর রহমান, উপ-কমিশনার ফখরুল আলম এবং সহকারী কমিশনার এ বি এম শফিকুর রহমানকে চট্টগ্রাম থেকে বদলির আদেশ জারি করে।
অন্যদিকে নতুন কমিশনার হিসেবে লূৎফর রহমান, যুগ্ম কমিশনার মো. বেলাল হোসেন, আশরাফ আলী ফারুক ও সহকারী কমিশনার হিসেবে মোকাররম হোসেনকে চট্টগ্রাম কাস্টম হাউজে বদলি করা হয়।
রোববার নতুন কমিশনার ও কর্মকর্তারা কাস্টমস হাউজে যোগ দিতে এসে কাস্টমস সংক্রান্ত টাস্কফোর্সের বাধার মুখে পড়েন। কাস্টমস হাউজে চলমান সংস্কার কার্যক্রম শেষ করার স্বার্থে টাস্কফোর্স এর আগে বিদায়ী কমিশনার মো. ফরিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার মতিউর রহমানের বদলি আদেশ স্থগিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ করেছিল।
এ অবস্থায় আইনগত জটিলতা দেখা দেওয়ায় রোববার থেকে কাস্টমস হাউজের কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়।
রোববার ও সোমবার বিদায়ী কমিশনার মো. ফরিদ উদ্দিন ও যুগ্ম কমিশনার মতিউর রহমান অফিস করলেও কোনো ফাইলে স্বাক্ষর করেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/ডিডি/এসএনডি/২২৩৫ ঘ.
bdnews24