২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ আদালতে তিনটি অন্যরকম দৃশ্য

সংসদ ভবনের বিশেষ জজ আদালতের হাজতখানার সুবিশাল দরজা স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতগতিতেই খুলে গেল। দেখা গেল হাজতের ভেতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা শিল্পপতি সালমান এফ রহমান। তাকে দেখে প্রায় দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনের বিশেষ জজ আদালতের হাজতখানার সুবিশাল দরজা স্বাভাবিকের চেয়ে একটু দ্রুতগতিতেই খুলে গেল। দেখা গেল হাজতের ভেতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা শিল্পপতি সালমান এফ রহমান। তাকে দেখে প্রায় দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। এর একটু পরে চাচা সালমানকে ভাইপো নাজমুল জানালেন, হাজতের বাইরেই হুইলে চেয়ারে বসে আছে সিগমা হুদা। এবার সালমান দৌড়ে এসে অসুস্থ ভাইপো বউ-এর খবর নিলেন। আদর করে মাথায় চুমু খেলেন হুদা দম্পতির দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তিকে। আজ হাজতখানায় এমন দৃশ্য দেখা গেলেও বাইরে দাঁড়ানো একজন পুলিশ কনস্টেবল বলছিলেন,"বিগত পাঁচ বছর সালমান রহমানকে দোহারে ঢুকতে দেননি নাজমুল হুদা । এমনকি সালমানের মেয়ের মৃত্যুর পরে কুলখানিও করতে দেওয়া হয়নি।" দ্বিতীয় দৃশ্যের শুরুটা এ রকম- হাজতখানার ভেতরে বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী জায়নামাজ পাতছেন। তাকে সাহায্য করতে এগিয়ে এলেন শশ্র"মণ্ডিত সালমান রহমান। নামাজের জন্য তাদের সঙ্গে এসে যোগ দিলেন দুর্নীতির দায়ে ১৩ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দিন খান আলমগীরও। সালমান রহমানের ইমামতিতে আসরের নামাজ আদায় করলেন তারা । তৃতীয় ও শেষ দৃশ্যে হাজতখানায় হাজির হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তার আগেই সেখানে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এবং মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান। নাসিম আসার পর তারা একত্রে বিকেলের নাস্তা খেতে বসলেন। সোমবার শেষ বিকেলে বিশেষ জজ আদালতে এই তিনটি দৃশ্য দেখে কেউ কেউ আফসোস করে বলছিলেন,"২৮ অক্টোবরের আগে এমন অবস্থা থাকলে তাদেরকে আজ হাজতখানায় আসতে হতো না।" উল্লিখিত রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। বিচার কাজের জন্য তাদেরকে আদালতে হাজির করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৩৭ ঘ.