নড়াইল, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নড়াইলে একটি হত্যা মামলায় একই পরিবারের চার জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। নড়াইল জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ সোমবার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার তুলারামপুর গ্রামের ইলিয়াস সিকদারের স্ত্রী আলেয়া বেগম (৪৫), ছেলে শাহানশাহ সিকদার ওরফে টিটো (২৬), মেয়ে তানজিমা খাতুন (২৩) ও রুমা খাতুন (২২)।
মামলার বিবরণে জানা যায়, তুলারামপুর গ্রামের স্কুলশিক্ষক সৈয়দ ইদ্রিস আলীর মেয়ে মুসলিমা খাতুনের (২৫) সঙ্গে একই গ্রামের ইলিয়াস সিকদারের ছেলে টিটোর বিয়ে হয়। এর পর থেকেই যৌতুকের জন্য মুসলিমার ওপর চাপ দিতে থাকে টিটোর পরিবার।
২০০২ সালের ১৪ জুলাই রাতে টিটো, তার মা ও দুই বোন মিলে মুসলিমা খাতুনকে হত্যা করে। এ সময় তার শিশু কন্যা কেয়া কাঁদতে থাকলে আসামিরা তাকেও হত্যা করে দু'জনের লাশ পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনার মানসিক আঘাতপ্রাপ্ত টিটোর ভাই জিকো সিকদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মুসলিমার বাবা পরে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/১৯১৭ ঘ.
bdnews24