পটুয়াখালী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জোয়ারের কারণে প্রবল পানির তোড়ে ভেড়িবাঁধ ভেঙে কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। পটুয়াখালী শহরেও জেয়ারের পানি ঢুকে পড়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছে না জেলেরা।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে মিঠাগঞ্জ ইউনিয়নের আক্রামের খালের ভেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে মধুখালী, বাইশাখলা ও বালিয়াতলী গ্রাম প্লাবিত হয়ে শতশত একর জমির আউশ ও রোপা আমন ফসল নষ্ট হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল মালেক বলেন, "জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
পটুয়াখলী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ জানান, বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জোয়ারের পানি ঢুকে পড়ায় জেলা শহরের পুরান বাজার, আদালত পাড়া, চক বাজার, নবাব পাড়া, কাঠপট্টি এলাকা এক থেকে দুই ফুট পানিতে তলিয়ে যায়।
পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু জাফর সামসুদ্দিন এসব এলাকা ঘুরে দেখেন। শহর রক্ষা বাঁধ নির্মাণ হলে মানুষের দুর্ভোগের অবসান হবে বলে জানান তিনি।
পটুয়াখালী আবহাওয়া অফিসের পরিবহন পরিদর্শক মো. ইউনুস জানান, "জোয়ারের কারণে উপকূলীয় নিুাঞ্চল চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে। পটুয়াখলী-কুয়াকাটা সড়কের কলাপাড়া, মহিপুর ও আলীপুর ফেরিঘাটের পন্টুন ডুবে গেছে। ফলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।"
সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরতে যেতে পারছে না বলে জানান মহিপুর মৎস্য বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০৭ ঘ.
bdnews24