নাটোর, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি মদদের অভিযোগে সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুুলুসহ ৩৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন পিছিয়েছে।
কারাবন্দি দুলুকে রাজশাহী থেকে নাটোর আদালতে হাজির না করানোয় ধার্যদিন সোমবার মামলার অভিযোগ গঠন হয়নি। আদালত আগামী ১৯ আগস্ট অভিযোগ গঠনের জন্য নতুন দিন নির্ধারণ করেছে।
কোর্ট পুলিশের একটি সূত্র জানায়, আসামিদের নিয়ে আসার জন্য পর্যাপ্ত প্রহরীর ব্যবস্থা করতে না পারায় দুলুকে আদালতে হাজির করানো যায়নি।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) জাহিদুর রহমান চৌধুরী গত ৪ জুন জঙ্গি মদদের এ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
নাটোর সদর উপজেলার রামশারকাজিপুর গ্রামের জাহেরুল ইসলামের ছেলে সেলিম রেজা বাদি হয়ে গত ৮ এপ্রিল মামলাটি দায়ের করেন।
এজাহারে অভিযোগ করা হয়, দুলুর ভাতিজা সাব্বির হোসেন গামা সন্ত্রাসীদের হাতে খুন হওয়ার পর প্রতিপক্ষকে শায়েস্তা করতে দুলু জেএমবির জঙ্গিদের কাজে লাগান। ২০০৪ সালের ১৮ এপ্রিল জেএমবির শীর্ষ নেতা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই নাটোরের আলাইপুরে দুলুর সঙ্গে বৈঠক করেন। এর পর বাদি বিভিন্ন সময় বাদিসহ অন্য গ্রামবাসীদের ধরে নিয়ে নির্যাতন চালানো হয়।
বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে জঙ্গি মদদ, চাঁদাবাজিসহ নানা অভিযোগে মোট ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে নাটোরে বাড়ি পোড়ানোর একটি মামলায় তার ১৫ বছর সাজা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৮ ঘ.
bdnews24