২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া পরিস্থিতির অবনতি

ডায়রিয়া পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা সোমবার বেড়ে আগের দিনের প্রায় দ্বিগুণ হয়েছে। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ঢাকায় ১হাজার ৬৯২ জন। সোমবারে তা দাঁড়ায় ২ হাজার ৩৩১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়ার হিসাব মতে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আক্রান্তের সংখ্যা রোববারের চেয়ে এক হাজারের বেশি বেড়েছে। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ৩০১৭। সোমবার হয়েছে ৪১০৪ জন। মৃতের সংখ্যা নিয়ে সরকারের তরফ থেকে দু'ধরণের তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য উপদেষ্টা ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানালেও স্বাস্থ্য অধিদপ্তরের মতে এ সংখ্যা সাত। রাজধানীর আইসিডিডিআরবিতে রোগীর চাপ কমাতে সেখান থেকে ২০ জন রোগীকে সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে আরো কিছু রোগীকে সরিয়ে নেওয়া হতে পারে বলে কলেরা হাসপাতালের দীর্ঘকালীন চিকিৎসা বিভাগের প্রধান ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 11:34 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডায়রিয়া পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা সোমবার বেড়ে আগের দিনের প্রায় দ্বিগুণ হয়েছে। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ঢাকায় ১হাজার ৬৯২ জন। সোমবারে তা দাঁড়ায় ২ হাজার ৩৩১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়ার হিসাব মতে ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আক্রান্তের সংখ্যা রোববারের চেয়ে এক হাজারের বেশি বেড়েছে। রোববার আক্রান্তের সংখ্যা ছিল ৩০১৭। সোমবার হয়েছে ৪১০৪ জন। মৃতের সংখ্যা নিয়ে সরকারের তরফ থেকে দু'ধরণের তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য উপদেষ্টা ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানালেও স্বাস্থ্য অধিদপ্তরের মতে এ সংখ্যা সাত। রাজধানীর আইসিডিডিআরবিতে রোগীর চাপ কমাতে সেখান থেকে ২০ জন রোগীকে সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে আরো কিছু রোগীকে সরিয়ে নেওয়া হতে পারে বলে কলেরা হাসপাতালের দীর্ঘকালীন চিকিৎসা বিভাগের প্রধান ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, উত্তরার হজক্যাম্পে সেনা প্রধান প্রস্তাবিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালুর ব্যাপারে সেনাবাহিনী এবং আইসিডিডিআরবি যৌথভাবে কাজ করছে। এটা চালু হলে কোনো চাপ ছাড়াই রোগীদের যথেষ্ট সেবা দেওয়া সম্ভব বলে জানান ডা. শাহাদাত । হাসপাতালে রোগীর চাপ সম্পর্কে তিনি বলেন, " চাপ অবশ্যই বেশি। যে কোনো সময়ের চেয়েই বেশি। হাসপাতালে সবার ছুটি বাতিল করে সবাই মিলে সার্বক্ষণিক কাজ করে পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে। রোগীদের প্রতি কোনো অবহেলা এবং সেবার অপ্রতুলতা এখনো দেখা দেয়নি। আর প্রতিদিন ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রায় ৬০ ভাগ ২৪ ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরে যেতে পারছেন। " রোগীদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, " ডায়রিয়ার পাশাপাশি এখন নিউমোনিয়া ও অপুষ্টিজনিত সমস্যা পাওয়া যাচ্ছে। এটা মূলত শিশুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। " বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশের বন্যা- উপদ্রুত এলাকায় পানিবাহিত রোগ ডায়রিয়ার মারাত্মক বিস্তার ঘটছে। একই সঙ্গে কলেরাও ছড়িয়ে পড়ছে বলে চিকিৎসকরা জানান। রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সিলেটে আক্রান্তের সংখ্যা সোমবার আগের দিনের দ্বিগুণ হয়েছে। গত রোববার রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত আইসিসিডিআরবিতে পাঁচশ রোগী ভর্তি হয়। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ভর্তি হয় ১ হাজার ডায়রিয়া আক্রান্ত। একদিনে ভর্তি হওয়া রোগীর সংখ্যার দিক থেকে এটা হাসপাতালটির ইতিহাসে সর্বোচ্চ। এরপর থেকে একই অবস্থা অব্যাহত রয়েছে। রোববার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় দেশের হাসপাতালগুলোতে মোট চার হাজার ১০৪ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম জানান। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুসারে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। তবে এদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো বেশি হবে বলে চিকিৎসক ও সংশ্লিষ্টরা ধারণা করছেন। আইসিডিডিআরবির একজন চিকিৎসক বলেন, কেবল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের হিসাবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে। অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের হিসাবে আনা হলে সংখ্যাটা আরো অনেক বেশি হবে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রস্তুতি যথেষ্ট বলে দাবি করেছেন স্বাস্থ্য উপদেষ্টা মতিউর রহমান। তিনি বলেন, ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আরো বাড়লেও মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য সব জেলা, উপজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে 'ডায়রিয়া কর্ণার' খোলা হয়েছে। সোমবার বৃষ্টির কারণে আইসিডিডিআরবিতে আসা রোগীদের ভোগান্তি আরো বেশি হয়। হাসপাতালের অস্থায়ীভাবে ত্রিপল টানিয়ে বর্ধিত করা অংশে বৃষ্টির সময় পানি ঢুকে যায়। ফলে মেঝে পানিতে সয়লাব হয়ে যায়। হাসপাতালের বাইরে বেশ কয়েকদিন আগে থেকেই ত্রিপলের ছাউনি দিয়ে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরপরও রোগী বাড়তে থাকায় হাসপাতাল আঙ্গিনায় আরেকটি খোলা জায়গায় ত্রিপল টানিয়ে অতিরিক্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/১৭১৪ ঘ.