চাঁদপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হাইমচর উপজেলাকে মেঘনার ভাঙন থেকে রক্ষার জন্য সোমবার সকাল থেকে মেঘনা নদীতে সোয়া লাখ তাবিজ নিক্ষেপ করতে শুরু করেছে এলাকাবাসী।
সবচেয়ে বেশি ভাঙন কবলিত চরভৈরবী এলাকায় এ সব তাবিজ ফেলা হচ্ছে। চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহেরী জাবেরী আল মাদানীর নেতৃত্বে তাবিজ নিক্ষেপ করা হচ্ছে।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ এলাকায় নদী ভাঙনে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভাঙন প্রকট হলে মানুষ সর্বস্বান্ত হয়ে পড়বে। তাই ভাঙন রোধে সৃষ্টিকর্তার অনুগ্রহ পেতে তাবিজ ফেলা হচ্ছে।"
এর আগেও কয়েকবার ভাঙনের সময় এ ভাবে তাবিজ ফেলা হয়েছিল।
এদিকে সোমবার দুপুরে হাইমচর সংলগ্ন মেঘনা নদীতে তিনটি মাছধরা ট্রলার ডুবে যায়। তবে ওই ট্রলারের ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে।
আহত জেলে মোহাম্মদ আলাউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঝ নদীতে মাছ ধরার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে এক এক করে ট্রলারগুলো উল্টে যায়।"
ওই সময় মাছ ধরতে থাকা অপর ট্রলারগুলো গিয়ে ১২ জেলেকে উদ্ধার করে।
নদীতে প্রবল ঢেউ থাকায় যাত্রীবাহী ট্রলারগুলো নদীতে নামছে না বলে জানিয়েছেন স্থানীয় গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ আলম।
এর ফলে চর এলাকার সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬১১ ঘ.
bdnews24