পাবনা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পদ্মা ও যমুনার পানি কমতে থাকায় পাবনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় আরো ২ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
জেলার ফরিদপুর উপজেলায় বন্যার পানি এখনো উপজেলা পরিষদ থেকে সরেনি। ফলে ঐ স্থানে জলাবদ্ধতা দৃশ্যত স্থায়ী রূপ নিয়েছে।
রোববার সন্ধ্যায় ফরিদপুরে পানিতে ডুবে দেড় বছরের শিশু হামু ও হেলাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের বন্যায় পাবনায় পানিতে ডুবে ও সাপের কামড়ে ১৩ জন মারা গেছে।
অভাবী বানভাসি মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। ত্রাণ সামগ্রীর জন্য বন্যার্তরা বিভিন্ন স্থানে ছুটছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ২৯৮ মেট্রিকটন চাল বিতরণের কথা বলা হয়েছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়।
বন্যায় ৫১ হাজার ৭৩৭ পরিবারের ২ লাখ ৪৬ হাজার ৬৫৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩০৭ ঘ.
bdnews24