ঢাকা,১২ আগষ্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাসা এবং এনওএএ' এর উপগ্রহের মাধ্যমে বন্যার পূর্বাভাস পাওয়ায় এবারের বন্যায় বাংলাদেশে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ।
রোববার ঢাকাস্থ আমেরিকান সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে।
যুক্তরাষ্ট্র বলেছে, উন্নততর মার্কিন পূর্বাভাস ব্যবস্থার কারণে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। তাদের হিসেবে এবারের বন্যায় বাংলাদেশের ৪০ জেলার ১ কোটি ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ২'শ মানুষ।
যুক্তরাষ্ট্রের ' ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক রিসার্চ'( এনসিএআর) এবং 'জর্জিয়া ইনষ্টিটিউট অব টেকনোলজি'র বিজ্ঞানীরা বাংলাদেশের কয়েকটি সংস্থাকে পূর্বাভাস সরবরাহ করার জন্য ২০০৩ সাল থেকে পদ্ধতিটি ব্যবহার করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবছর প্রয্ুিক্তর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী এবং সরকারি ও বেসরকারি সংস্থার লোকদের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৫টি ইউনিয়নের মানুষের কাছে বন্যা সতর্কীকরণ বার্তা পৌঁছানো হয়েছে বলে নেটওয়ার্ক তাদের নিশ্চিত করেছিল। থাইল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা 'এশিয়া দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র' ( এডিপিসি) এই নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বর্ষা মৌসুমে বন্যার ৪৮ থেকে ৭২ ঘন্টা আগে বার্তা পাঠায়। কিন্ত এত অল্প সময়ের মধ্যে নদনদীর আশেপাশে বসবাসকারী, বিশেষ করে দূরবর্তী দ্বীপ ও চর এলাকার লাখ লাখ মানুষের কাছে সতর্ক বার্তা পৌঁছায় না।
গত ৯ আগষ্ট বাংলাদেশ থেকে ইউএসইনফোর সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে এডিপিসি'র জলবায়ু গবেষণা বিজ্ঞানী সেলভারাজু বলেন,"এই প্রথমবারের মত আমরা ১০ দিন আগে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে বলে প্রচার করি"।
এর ফলে গ্রামবাসীরা এক সপ্তাহ থেকে ১০ দিনের জন্য খাদ্য ও নিরাপদ পানি সঞ্চয় এবং সহায়- সম্পদ রক্ষা করতে পারে।
সেলভারাজু বলেন, একটি ইউনিয়নের ৩৫ শতাংশ মানুষকে আগেই সেখান থেকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে এই আগাম পূর্বাভাসের কারণে।
'ক্লাইমেট ফোরকাস্ট অ্যাপ্লিকেশনস ইন বাংলাদেশ' শীর্ষক বৃহৎ উদ্যোগের একটি অংশ হচ্ছে এই পূর্বাভাস ব্যবস্থা। মূলত দেশটির বন্যা ও বৃষ্টিপাত সতর্কীকরণ ব্যবস্থার উন্নতি করার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়েছে।
এনসিএআর-এর বিজ্ঞানী টমাস হপসন বলেন, "বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশেই রাডার কাভারেজ নেই। সেজন্যই আমরা পূর্বাভাস দেয়ার জন্য নাসা ও এনওএএ থেকে পাওয়া এই স্যাটেলাইট উপাত্ত ব্যবহার করে থাকি। আগামী দু'এক বছরের মধ্যে আরো বেশি বাংলাদেশী ২০ দিন আগে এবং পরবর্তীতে ১ থেকে ৬ মাস আগে মৌসুমি পূর্বাভাস পাবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/০০৫৬ঘ.
bdnews24