সিরাজগঞ্জ, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ ক্রমাগতভাবে খাদ্যে আমদানি নির্ভর হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রোববার এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "কয়েক বছরে খাদ্য উৎপাদন ৩ থেকে সাড়ে ৩ শতাংশ বাড়লেও খাদ্য ঘাটতি বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এ ঘাটতি পূরন করা সরকারের জন্য দূরহ ব্যাপার। এর ওপর বন্যা হলে সেটা আরো কঠিন হয়ে পড়ে। কিছুদিন আগেও দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। কিন্তু আমরা দিনদিন খাদ্যে আমদানি নির্ভর হয়ে পড়ছি।"
জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ মির্জা, সাবেক পৌরসভা চেয়ারম্যান শহিদুল ইসলাম তালুকদার, জামায়েতের সাবেক জেলা আমীর অ্যাডভোকেট আব্দুল লতিফ ও জেলা চেম্বার অব কর্মার্সের সভাপতি আনিসুর রহমান।
অর্থ উপদেষ্টা জানান, বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে ১১ কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জে দেওয়া হয়েছে দেড় কোটি টাকা।
তিনি বলেন, "ত্রাণ বিতরণে বৈষম্য ঠেকাতে আমরা সমন্বিত বিতরণ নীতির ওপর গুরুত্ব দিচ্ছি। এতে স্বজনপ্রীতি ঠোকনো যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24