নরসিংদী, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘোড়াশাল ইউরিয়া সারকারখানায় শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে দৈনিক সাড়ে চার হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ বলছে, রাত তিনটার দিকে কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের কমপ্রেসার থেকে গ্যাস নির্গমন হয়ে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দমকল বাহিনীর নরসিংদী, পলাশ ইউরিয়া সার কারখানা ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩০/৩৬ বছরের পুরনো জারাজীর্ণ অ্যামোনিয়া প্লান্ট দিয়ে কারখানাটি চালু রাখা হয়েছিল। শনিবার রাতে প্লান্টের হাইড্রোজেন গ্যাস লিক করে এ অগ্নিকাণ্ড হয়।"
দুর্ঘটনার পর প্লান্টটি চালু হতে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন আলী হোসেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
নরসিংদী জেলা প্রশাসক মো. জিল্লার রহমান, সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইলিয়াস ও পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মো. জিল্লার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার গুদামে ৩৮ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে। তা দিয়ে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে জেলার চাহিদা মেটানো সম্ভব হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24