২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর মৃত্যুতে রাজধানীতে ক্লিনিক ভাংচুর

নাকে অস্ত্রোপচার করতে গিয়ে এক রোগীর মৃত্যু হওয়ায় রাজধানীর চানখারপুলে শনিবার সেবা জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে রোগীর আত্মীয়-স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 07:24 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাকে অস্ত্রোপচার করতে গিয়ে এক রোগীর মৃত্যু হওয়ায় রাজধানীর চানখারপুলে শনিবার সেবা জেনারেল হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে রোগীর আত্মীয়-স্বজনরা। কোতয়ালী থানার উপ-পরিদর্শক ফখরুল আলম জানান, নিহত রোগীর নাম তাসলিমা বেগম লাইলী । তিনি কোতয়ালী থানার ৫৮ নম্বর নবাব কাটারা নিমতলীর মো. ইসমাইল ব্যাপারীর স্ত্রী। লাইলী মতিঝিল ইস্পাহানী ভবনের সেবা পরিদপ্তরে চাকরি করতেন। ঘটনার বিবরনে ফখরুল আলম জানান, তাসলিমা বেগম বৃহস্পতিবার বিকেলে নাকের হাড় বেড়ে যাওয়ায় অস্ত্রোপচারের জন্য সেবা জেনারেল হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকাল পৌনে ৩টায় অপারেশনের জন্য রোগীকে অপারেশন কক্ষে নেওয়া হয়। কিন্তু সংজ্ঞাহীন করে অস্ত্রোপচার করার পর তার আর জ্ঞান ফেরেনি। পৌনে ৫টার দিকে চিকিৎকরা তাসলিমা বেগমকে মৃত্যুর কথা জানালে আত্মীয় স্বজনরা তা দেখে চীৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে ক্লিনিকের দরজা-জানালা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ডা. মুরাদ নামের এক চিকিৎসককে আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে ফখরুল আলম জানান। তিনি আরো জানান, তাসলিমা বেগমের লাশ পুলিশি পাহারায় ওই ক্লিনিকেই রাখা হয়েছে। নিহতের স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/০১১৯ ঘ.