ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য-প্রযুক্তি কর্মকর্তা লুৎফর রহমান মোস্তফা সুমনের হত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। নিহত সুমনের পরিবার সেনাবাহিনীর মেজর রহিমুজ্জামান রব্বানীকে দায়ী করে বলেছে, তিনি ভাড়াটে খুনি দিয়ে সুমনকে হত্যা করিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার র্যাব জানিয়েছিল, গ্রেপ্তারকৃত ২ সন্দেহভাজন খুনি সুমনকে হত্যা করার জন্য মেজর রব্বানীর কাছ থেকে টাকা পাওয়ার দাবি করেছে।
শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সুমনের পরিবারের সদস্যরা এ অভিযোগ তুলে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুমনের বোন নাজমা সুলতানা উষা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উষা বলেন, মেজর রহিমুজ্জামান রব্বানী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তারা ধারণা করছেন। রব্বানী, তার বাবা পুলিশের এএসপি তোফাজ্জল হোসেন এবং নিপার বাবা খালিদ হোসেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিয়ে প্রমাণ নষ্ট করতে মুসলমান হওয়া সত্ত্বেও সুমনের লাশ হিন্দু হিসেবে পুড়িয়ে ফেলেছেন বলে তিনি অভিযোগ করেন।
উষা বলেন, "ছয় বোনের পর একভাই হওয়ায় অনেক ধূমধাম করে সুমনের খতনা করা হয়েছিল। কোনও ষড়যন্ত্র ছাড়া তাকে হিন্দু হিসেবে দাহ করার কোনও কারণ আমরা খুঁজে পাচ্ছি না।"
এ বিষয়ে কুমিল্লার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, "সুমনের লাশ যখন উদ্ধার করা হয় তখন আমি এখানে ছিলাম না। আমি যোগ দিয়েছি ২০/২২ দিন হয়েছে। তবে বিষয়টা আমি দেখেছি।"
তিনি বলেন, "থানার নথি অনুযায়ী ১১ জুন রাতে অজ্ঞাত হিসেবে সুমনের লাশ পাওয়া যায়। স্থানীয় মানুষকে সাক্ষী রেখে অঙ্গ দেখে তার ধর্ম সনাক্ত করা হয়েছে। তখন সবাই তাকে হিন্দু হিসেবে সনাক্ত করেছে।"
ঘুষ গ্রহণ প্রসঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "প্রশ্নই ওঠে না। যখন লাশ পাওয়া গিয়েছিল তখন কার লাশ, কে খুন করলো এসব কিছুই জানতো না পুলিশ। ঘুষ নেবে কার কাছ থেকে ?"
এর আগে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর মাহমুদ হোসেন জানান, গত ১১ জুন মিরপুর থেকে সুমনকে অপহরণ করা হয়। ওই রাতেই তাকে কুমিল্লার চান্দিনায় নিয়ে গিয়ে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে চান্দিনা থানা পুলিশ হিন্দু হিসেবে ওই লাশ দাহ করে। মেজর মাহমুদ বলেন, মোবাইল ফোন কলের সূত্র ধরে গত বুধবার সুমন অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত দু'জনকে গ্রেপ্তারের পর তারা র্যাবকে এ কথা জানায়।
মেজর মাহমুদ বলেন, "বগুড়া থেকে গ্রেপ্তারকৃত সামসুল ইসলাম মতিন (৩২) ও আহসান হাবিব (৩০) বলেছে, মেজর রব্বানী তাদের সুমনকে খুন করার জন্য টাকা দিয়েছে। এ কাজে আরও চারজন জড়িত ছিল।"
মেজর মাহমুদ তখন জানান, আটক দু'জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে এবং তাতে অভিযুক্ত মেজর রব্বানীর নাম এলে তারা সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবেন। তিনি অবশ্য এ-ও বলেন, "তারা যদি জবানবন্দিতে কিছু না বলে তবে আমাদের করার কিছু নেই।"
এদিকে গ্রেপ্তারকৃত হাবিব ও মতিন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এজাজুল ইসলাম । উপ-পরিদর্শক বলেছেন, "তারা খুনের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া ঘটনায় মেজর রব্বানীসহ চারজন অর্থাৎ মোট ছয়জন জড়িত ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছে। তারা বলেছে তিনজন খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল। রব্বানীসহ বাকি তিনজন পরিকল্পনাসহ আনুষঙ্গিক সাপোর্ট দিয়েছে।"
উপ-পরিদর্শক এজাজুল ইসলাম বলেন, "আমাদের তথ্যানুযায়ী মেজর রব্বানী এখন পার্বত্য চট্টগ্রামে বিডিআরএ ডেপুটেশনে রয়েছেন। খুনের ঘটনার সময় তিনি ফেনীতে কর্মরত ছিলেন। এ খুনের সঙ্গে মেজর রব্বানীর জড়িত থাকার সম্ভাবনার বিষয়টি র্যাব উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।"
সংবাদ সম্মেলনে সুমনের বড়বোন কামরুন্নাহার লাকি ঘটনার সম্ভাব্য প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, "ছোটবেলা থেকে আমাদের ভাইয়ের সঙ্গে মেজর রহিমুজ্জামান রব্বানীর স্ত্রী নিপার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল । তারা এক সঙ্গে পড়তো। গত বছরের অক্টোবরে সুমনের বিয়ে হওয়ার পর নিপার সঙ্গে তার সেভাবে সম্পর্ক ছিল না। কিন্তু জুন মাসের শুরু থেকে সুমনকে সবসময় কেউ অনুসরণ করতো। আমাকে সে এ কথা অনেকবার বলেছে। কয়েকদিন আগে নিপার খোঁজ নিতে সুমনের কাছে একজন অপরিচিত লোক আসে। সে সুমনকে জানায়, নিপা তার স্বামী রব্বানীকে ছেড়ে অন্য কারও সঙ্গে চলে গেছে। সুমন আমাদের বলেছিল রব্বানী এ জন্য তাকে সন্দেহ করছে। "
লাকি বলেন, সুমন হারিয়ে যাওয়ার পর আমরা রব্বানীর সঙ্গে বহুবার যোগাযোগ করেছি কিন্তু তিনি কোনও কিছুই স্বীকার করেননি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে মেজর রহিমুজ্জামান রব্বানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২৩২২ ঘ.
bdnews24