২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় সুবিধা পেতে প্রাইভেট পড়ে চট্টগ্রামের ৩০ ভাগ শিক্ষার্থী: জরিপ

পরীক্ষায় বিভিন্ন ধরনের 'সুবিধা' পাওয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর ৩০ শতাংশ স্কুল শিক্ষার্থী নিজেদের স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। বিনিময়ে শিক্ষকরা পরীক্ষার আগে তাদের প্রশ্ন জানিয়ে দেন, বেশি নম্বর দেন, পরীক্ষার হলে সাহায্য করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রামের প্রায় পাঁচ হাজার স্কুল শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরীক্ষায় বিভিন্ন ধরনের 'সুবিধা' পাওয়ার জন্য চট্টগ্রাম মহানগরীর ৩০ শতাংশ স্কুল শিক্ষার্থী নিজেদের স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। বিনিময়ে শিক্ষকরা পরীক্ষার আগে তাদের প্রশ্ন জানিয়ে দেন, বেশি নম্বর দেন, পরীক্ষার হলে সাহায্য করেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চট্টগ্রামের প্রায় পাঁচ হাজার স্কুল শিক্ষার্থীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে 'চট্টগ্রাম মহানগরের মাধ্যমিক শিক্ষা' শীর্ষক এই জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, নগরীর স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে ৬ থেকে ৫১২ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নগরীর মাধ্যমিক স্কুলগুলোর পরিচালনা পর্ষদে ব্যবসায়ী ও রাজনীতিবিদদের প্রাধান্য রয়েছে। এছাড়া স্কুলগুলো নিয়মিতভাবে অভিভাবকদের নিয়ে সভাও করে না। ৫৯ শতাংশ স্কুলে সভা হলেও তা বছরে দুই বারের বেশি হয় না। জরিপে অংশ নেওয়া ১৫ শতাংশ অভিভাবক বলেছেন, শ্রেণীকক্ষে শিক্ষকদের যতক্ষণ সময় দেওয়া উচিৎ, তারা তা দেন না। ৯ শতাংশ অভিভাবক অভিযোগ করেছেন, শিক্ষকরা সময়মতো স্কুলেও আসেন না। এছাড়া ৩০ শতাংশ শিক্ষার্থী দাবি করেছেন, তাদের শিক্ষকরা স্কুলের ফলাফলে অনিয়ম করেন। সনাক সদস্য ডা. কিউএম অহিদুল আলম জানান, প্রথম পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৫০টি মহল্লার শিক্ষার্থীদের ওপর জরিপ চালানো হয়। দ্বিতীয় পর্যায়ে মহানগরীর ১১২টি স্কুল থেকে তথ্য সংগ্রহ করা হয়। সনাক এর আহবায়ক মুশতারী শফির সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শ্যামলী মজুমদার, জেসমিন সুলতানা পারু ও জরিপের গবেষক সুবিনয় দত্ত বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএইচবি/জেকে/২২৩৩ ঘ.