২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আবদুল মোমিনের মৃত্যু

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আবদুল মোমিন শনিবার সকালে তার গুলশানের বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম আবদুল মোমিন ১৯৪৬ সালে তদানীন্তন বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে তার চাকরি ১৯৫০ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে ন্যস্ত হয়। তিনি যুক্তরাষ্ট্র ,বেলজিয়াম, ইরাক, মিয়ানমার, ভারত, পর্তুগাল,আর্জেন্টিনাসহ বিভিন্ন মিশনে নানা পদে কুটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সচিব ও রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা আবদুল মোমিন শনিবার সকালে তার গুলশানের বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মরহুম আবদুল মোমিন ১৯৪৬ সালে তদানীন্তন বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন। পরবর্তীতে তার চাকরি ১৯৫০ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে ন্যস্ত হয়। তিনি যুক্তরাষ্ট্র ,বেলজিয়াম, ইরাক, মিয়ানমার, ভারত, পর্তুগাল,আর্জেন্টিনাসহ বিভিন্ন মিশনে নানা পদে কুটনৈতিক দায়িত্ব পালন করেছেন। আর্জেন্টিনায় রাষ্ট্রদূত পদে থাকাকালে তিনি ১৯৭১ সালের অক্টোবরে পাকিস্তান সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি কানাডায় হাইকমিশনার ও চীনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ও ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে আবদুল মোমিন সরকারি চাকুরি থেকে অবসর নেন। তিনি ১৯২১ সালে ফেনীর দাগনভূঁইয়ার উপজেলার উদরাজপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ছাড়াও অসংখ্য বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী মৃত্যু সংবাদ শুনে আবদুল মোমিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় যান। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত স্বজনদের সঙ্গে কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা এক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি এতে আরও বলেন,'৭১ সালে পাকিস্তান সরকারের সঙ্গে সর্ম্পক ছিন্ন করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণার যে সাহসী সিদ্ধান্ত আবদুল মোমিন নিয়েছিলেন তা স্বাধীনতাকামী জনগণকে উদ্দীপ্ত করেছিল। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ক'জন কূটনীতিক বাংলাদেশের কূটনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন আবদুল মোমিন তাদের অন্যতম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/১৭৫৯ ঘ.