২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক, গ্রেপ্তার দুই

বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক চটপটি বিক্রেতা নিহত হওয়ার ঘটনায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিহত ছাত্র মাহবুবুর রহমানের স্মরণে ১২ আগস্ট থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:54 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

নেয়াখালি, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক চটপটি বিক্রেতা নিহত হওয়ার ঘটনায় দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিহত ছাত্র মাহবুবুর রহমানের স্মরণে ১২ আগস্ট থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। সুধারাম থানার কর্তব্যরত কর্মকর্তা এস এম নূরুল আলম তালুকদার জানান, সংঘর্ষের পর বুধবার রাতেই নোয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও সুগন্ধা বাস সার্ভিসের চালক আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এম তামজিদ হোসাইন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, ওই ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষে ছাত্র মাহবুবুর রহমানের লাশ ময়নাতদন্তের পর নোয়াখালী সদর হাসপাতাল থেকে ক্যাম্পাসে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনের সামনে তার জানাজা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। তিনি ১২ আগষ্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক ঘোষণা করেন। ১২ আগষ্ট বিকাল ৩টায় ক্যাম্পাসে শোকসভা ও মিলাদ মাহফিল করা হবে বলেও জানান তিনি। জানাজার পরপরই বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও কয়েকজন ছাত্র লাশ নিয়ে নেত্রকোনা শহরের জয়নগর কালি বাড়ি রোডে মাহবুবুর রহমানের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এদিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে মাহাবুবের মৃত্যুতে শোক প্রকাশ করেন। অ্যাকাডেমিক ভবনের সামনে তোলা হয় কালো পতাকা। সুধারাম থানা পুলিশ জানায়, বুধবারের সংঘর্ষে নিহত চটপটি বিক্রেতা দুলালের লাশও সোনাপুরে তার বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া পরিস্থিতির অবনতি এড়াতে বুধবার সংঘর্ষের পর থেকেই সোনাপুর বাস টার্মিনাল ও ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যৌথবাহিনীর সদস্যরাও নিয়মিত টহল দিচ্ছে। বুধবার রাতে বাসের ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে সোনাপুর বাস টার্মিনালে বাস শ্রমিকদের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এতে মাহবুবুর রহমান ও চটপটি বিক্রেতা দুলাল নিহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/জেকে/২০৫২ ঘ.