ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন, ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং জনকন্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও সাবেক আওয়ামী লীগ দলীয় সাংসদ মোহাম্মদ ছায়েদুল হকের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর মধ্যে ধানমন্ডিতে ড. মোশাররফ, তেজগাঁও থানায় ওবায়দুল করিম এবং মতিঝিলে জনকন্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুটি মামলা হয়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক মমতাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওবায়দুল করিমের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের উপ-পরিচালক আব্দুল করিম। মামলার অপর আসামি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ মোহাম্মদ ছায়েদুল হক।
মামলায় বলা হয়েছে, ছায়েদুল হক সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় যুক্তরাষ্ট্র থেকে একটি ইনফিনিটি, কিউ ফিফটি সিক্স গাড়ি বাংলাদেশী মুদ্রায় ৪২ লাখ ৭৫ হাজার টাকা দিয়ে আমদানি করেন। কিন্তু নিয়ম অমান্য করে তিনি গাড়িটি ওবায়দুল করিমের কাছে বিক্রি করে দেন। এতে সরকার মোট ৮৫ লাখ ৫০ হাজার ছয়শ ৮০ টাকার কর থেকে বঞ্চিত হয়েছে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক গোলাম কিবরীয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের সহকারি পরিচালক মাহমুদ হাসান বাদি হয়ে জনকন্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছেন। এর মধ্যে একটি মামলায় আতিকুল্লাহ খান মাসুদের সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী এসএম আসাদুজ্জামান এবং রাজউক এর পরিদর্শক আব্দুল লতিফকে আসামী করা হয়েছে। এ মামলার এজাহারে, রাজউক এর অনুমোদন ছাড়া নকশা জালিয়াতি করে মালিবাগে একটি দশতলা ভবন নির্মাণ করার অভিযোগ আনা হয়।
আতিকুল্লাহ খান মাসুদের বিরুদ্ধে করা অপর মামলায় রাজউক এর প্রকৌশলী মো. কামরুজ্জামানকেও আসামী করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, রাজউক থেকে ছয়তলা ভবনের অনুমোদন নেওয়া হলেও নকশা জালিয়াতি করে মিরপুর রোডে একটি ১০ তলা ভবন নির্মাণ করা হয়।
ধানমন্ডি থানার সহকারি উপ-পরিদর্শক মনি আক্তার জানান, দুদকের সহকারি পরিচালক শফিউল আলম বাদী হয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খোন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রীসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার অন্য আসামিরা হলেন খোন্দকার মোশাররফের স্ত্রী বিলকিস আক্তার হোসেন, মোহাম্মদীয়া হাউজিং এ অবস্থিত কাকলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আব্দুল বারি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন মোহাম্মদ খান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আবুল খায়ের, দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহামস্মদ আব্দুল আওয়াল, পরিচালক ইঞ্জিনিয়ার এএইচএম জহিরুল হক এবং স্বজন হাউজিং লি. এর নির্বাহী পরিচালক মো, আলমগীর হোসেন।
থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মতিন জানান, মামলার এজাহারে, আসামিদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে, পরস্পর যোগসাজশে কাকলী উচ্চ বিদ্যালয়ের সাড়ে সাত কাঠা জমি (স্থাপনাসহ) অস্বচ্ছ প্রক্রিয়ায়, সাজানো-পাতানো দরপত্রের মাধ্যমে বিক্রি করে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে।
আব্দুল মতিন জানান, দণ্ডবিধির ১৬৯, ৪২৩ ও ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং জরুরি ক্ষমতা বিধিমালা, ২০০৭ এর অধীনে এজাহার দায়ের করা হয়েছে। ২০০৬ সালে তারা এ অপরাধ করেন বলে এজাহারে দাবি করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআইএম/২০০০ ঘ.
bdnews24