হায়দারাবাদ, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভারতের হায়দারাবাদে বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার হায়দারাবাদ প্রেসকাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে কট্টর ইসলামপন্থী একটি দলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে অল ইন্ডিয়া মসলিস-ই-মুত্তাহিদুল মুসলিমিনের (এমআইএম) রাজ্য বিধানসভার তিন সদস্যও ছিলেন। তারা বালতি, ফুলের টবসহ হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে তসলিমার ওপর হামলা চালায়।
এ ঘটনার পর পুলিশ বিধানসভার ওই তিন সদস্যকে গ্রেফতার করেছে। তাদের নাম প্রকাশ করা হয়নি। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি ও টাইমস নাউ সূত্রে এ খবর জানা গেছে।
এমআইএম কর্মীরা তসলিমাকে নাজেহাল করে। এ সময় তার বিরুদ্ধে স্লোগানও দেয় তারা। তবে এ ঘটনায় তসলিমা আহত হননি বলে জানা গেছে।
এমআইএম-এর রাজ্য বিধানসভার সদস্য আখতার খান ক্ষোভ প্রকাশ করে 'টাইমস নাউ' টিভিকে বলেন, " তিনি (তসলিমা) ইসলামের শত্র"। মুসলমানদের কলঙ্ক।"
তিনি বলেন, "ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আমরা সহ্য করতে পারি না। তিনি আমাদের সরকার ও ইসলামের বিরুদ্ধে বই লিখেছেন। আমরা তাকে হায়দারাবাদে দেখতে চাই না।"
তসলিমার বিরুদ্ধে ক্ষোভ অব্যাহত থাকবে বলে আখতার খান হুমকি দেন। তিনি জানান, তসলিমা হায়দারাবাদ না ছাড়লে তার বিরুদ্ধে বিক্ষোভ চলবে।
হামলার ব্যাপারে তার পার্টির অবস্থান জানতে চাইলে তিনি গর্বের সঙ্গে বলেন, "প্রথমে আমি মুসলমান তারপর এমএলএ (রাজ্য বিধানসভার সদস্য)। এ ঘটনায় পার্টির আমার পক্ষে আছে।"
ঘটনার সময় প্রেসকাবে উপস্থিত সাংবাদিক ও পুলিশ তসলিমাকে অন্যত্র সরিয়ে নেয়। ধারনা করা হচ্ছে তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
হামলার ঘটনায় অনুষ্ঠানের একজন আয়োজকও আহত হন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে।
মুসলিম মৌলবাদীরা বেশ কয়েকবার তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দিয়েছে। এ বছরের মার্চে ভারতের মুসলমানদের একটি গ্র"প তার মাথার জন্য ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24