ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদেশে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোচ দিপু রায় চৌধুরী ও তার স্ত্রী আরিফা রায় চৌধুরীকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে র্যাব।
গুলশান থানার উপ পরিদর্শক জিয়া লুৎফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার রাতে জানান, সন্ধ্যার দিকে বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে চারটি পাসপোর্ট ও এক ক্যান বিয়ারও পাওয়া গেছে। গ্রেপ্তারের পরই তাদের নিয়ে আসা হয় গুলশান থানায়।
দিপু রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেন, "আমরা তাদের গ্রেপ্তারের কথা শুনেছি। বিসিবি এ বিষয়ে কিছু একটা করবে বলে আমি মনে করি। তবে এজন্য বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএল/এসএনডি/১২১৯ ঘ.
bdnews24