নোয়াখালী, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বুধবার রাতে বাস শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে দু'জন নিহত ও কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাহবুব (২০) ও চানাচুর বিক্রেতা দুলাল (২৫)।
ছাত্ররা অভিযোগ করেন, বুধবার বিকেল পাঁচটার দিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র জেলাশহর মাইজদী থেকে বনফুল পরিবহনের একটি বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসছিল। এ সময় হাফ ভাড়া নিয়ে কন্ড্রাক্টরের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস থেকে নামিয়ে দিয়ে তাদের অবরুদ্ধ করে মারধর করে বাস শ্রমিকরা।
ছাত্ররা পরে ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের ঘটনাটি জানালে তারা রাত ৮টার দিকে পাশের সোনাপুর বাসস্ট্যান্ডে গিয়ে দুটি বাস জ্বালিয়ে দেয় এবং আরও অন্তত ১৫টি বাস ও আশপাশের দোকানপাটে ভাংচুর চালায়।
এ সময় শ্রমিকরা সংগঠিত হয়ে ছাত্রদের ওপর পাল্টা হামলা চালায়। সংঘর্ষে দুপক্ষের অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১৫ ছাত্রকে নোয়াখালী জেনারেল হাসপাতাল, সোনাপুর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসারত অবস্থায় মারা যান মাহবুব ও দুলাল। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবদুল মোতালেব দুজনের মারা যাওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন।
আহত শ্রমিকরা গ্রেপ্তার এড়াতে হাসপাতালে ভর্তি হননি বলে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা প্রশাসক ও সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক ঘটনাস্থলে যান।
রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ শতাধিক ছাত্র সোনাপুর বাসস্ট্যান্ডে অবস্থান করছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল খায়ের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদের ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
ঘটনাস্থলে যৌথবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২৩২২ ঘ.
bdnews24