২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুরুল ইমাম হত্যা: খুনিদের সহযোগিতা করার মামলার আসামিরা খালাস

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইমামসহ ট্রিপল মার্ডার ঘটনায় অস্ত্র রেখে খুনিদের সহযোগিতা মামলার রায়ে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন। অভিযোগপত্রের আরেক আসামি ইমাম সরদার এর আগে 'ক্রসফায়ার' এ মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

খুলনা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইমামসহ ট্রিপল মার্ডার ঘটনায় অস্ত্র রেখে খুনিদের সহযোগিতা মামলার রায়ে চার আসামি বেকসুর খালাস পেয়েছেন। অভিযোগপত্রের আরেক আসামি ইমাম সরদার এর আগে 'ক্রসফায়ার' এ মারা যান। বুধবার খুলনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়নি। খালাসপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার বরনি গ্রামের শুকুর আলী গাজী, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সেলিম সরদার, তার স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে রাজিব সরদার। শুকুর আলী ছাড়া বাকি তিনজন বুধবার জেল হাজত থেকে ছাড়া পেয়েছেন। শুকুর আলী মূল হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হওয়ায় ছাড়া পাননি। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৫ আগস্ট সকাল ১১টার দিকে নগরীর সামছুর রহমান রোডে রিক্সায় থাকা অবস্থায় অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও অ্যাডভোকেট বিজন বিহারী মণ্ডলকে গুলি ও বোমা ছুড়ে হত্যা করে সন্ত্রাসীরা। হামলায় আহত রিক্সাচালক শহীদুল ইসলাম আকন পরে মারা যান। হত্যার পর খুনীরা নগরীর টুটপাড়া মহির বাড়ি ছোট খালপাড় এলাকায় সেলিম সর্দারের বাড়িতে অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ওই বাড়ি থেকে তিনটি বন্দুকের কার্তুজ ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) ৩০টি পোস্টার উদ্ধার করে। অস্ত্র রেখে খুনীদের সহযোগিতা করার অভিযোগে একই বছরের ১১ সেপ্টেম্বর খুলনা থানায় মামলা হয়। মামলার তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২১৬ ঘ.