২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্ধারিত যোগ্যতাহীন বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পরীক্ষা দিতে হবে

সরকারিভাবে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক নির্ধারিত যোগ্যতা ছাড়াই কর্মরত আছেন এবং সরকারি বেতন পাচ্ছেন তাদের যোগ্যতার পরীক্ষা নেবে সরকার। এ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষকদের সরকারি বেতনের অংশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারিভাবে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক নির্ধারিত যোগ্যতা ছাড়াই কর্মরত আছেন এবং সরকারি বেতন পাচ্ছেন তাদের যোগ্যতার পরীক্ষা নেবে সরকার। এ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া শিক্ষকদের সরকারি বেতনের অংশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সেপ্টেম্বর মাসের শেষ দিকে সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিবরণীতে বলা হয়, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের ১ জুলাইয়ের আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখন পর্যন্ত নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারেননি এবং বেতনের সরকারি অংশ পাচ্ছেন তাদেরকে দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তিন ঘণ্টার এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষকদের ২০ আগস্টের মধ্যে উপজেলা শিক্ষা অফিসে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে। দক্ষতা যাচাইয়ের এ পরীক্ষা একবারই অনুষ্ঠিত হবে। কেউ এতে অংশ নিতে ব্যর্থ হলে বা উত্তীর্ণ হতে না পারলে বেতনের সরকারি অংশ আর পাবেন না। বিবরণীতে আরও বলা হয়, পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য শিক্ষকদের যে মানের দক্ষতা প্রয়োজন তার ওপর ভিত্তি করেই পরীক্ষার সিলেবাস প্রণয়ন করা হবে। যোগ্যতাবিহীন শিক্ষকরা যাতে কার্যকরভাবে পরীক্ষায় অংশ নিতে পারেন সেজন্য একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১২৪ ঘ.