সেলিম খান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সাভার, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও সাভারে পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিুাঞ্চল। তলিয়ে গেছে অনেক বাড়িঘর। নিরাপদ আশ্রয়ের সন্ধানে এখন ছুটছে বানভাসি মানুষ। ফলে ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে।
বুধবার সরজমিনে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখা যায়, ১২৫টি পরিবারের প্রায় ১২০০ সদস্য ঠাঁই নিয়েছে কলেজটিতে। তাদের কেউ এক দিন কেউবা দুদিন ধরে উপোস থেকে দিন কাটাচ্ছে। সাংবাদিক পরিচয় শুনে সবাই দৌড়ে এসে বলছে- "স্যার আমার না লেহেন, আমরা খাওন পামুতো।"
সেখানেই কথা হয় পৌর এলাকার ভাগলপুর মহল্লার নুরজাহান আক্তারের সাথে। তিনি জানান, ৮ সদস্যের পরিবার নিয়ে মঙ্গলবার রাতেই তিনি আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ঘরের মধ্যে কোমর পানি।
রাজাবাড়ী মহল্লার বাবুল মিয়া বলেন, "আমার পরিবারে ছয় জন লোক। দুই দিন ধরে পেটে একটুও দানাপানি পড়ে নাই। আমাগো কয়ডা খাওন দিয়া যান।"
চাতলাপুর থেকে আসা বৃদ্ধ শাহ জামাল বলেন, "বাড়ি ঘর সব পানিতে তলাইয়া গেছে। তাই গরু-বাছুর লইয়া এখানে (আশ্রয় কেন্দ্রে) উঠছি। তয় আমাগো পেটে একটু দানাপানিও পড়ে নাই।"
ভাগলপুরের রাবেয়া বেগম বলেন, "ছেলে-পুলে-নাতিসহ ছয় জন আইছি রাইতের বেলায়। তখন থেইকা ছোট ছোট পোলাপানগুলি না খাইয়া রইছে। আমাগো একটু খাওন দেও বাপু।"
তালবাগ এলাকার কামরুন নাহার বলেন, "১৮ দিনের বাচ্চাডারে লইয়া রাতের বেলায় এইহানে উঠছি। বাড়ি পানিতে তলাইয়া গেছে। যাওনের কোনও জায়গা নাই।"
বেলা দেড়টার দিকে সাভার পৌরসভার উদ্যোগে কমিশনার আব্দুল জলিলের তত্ত্বাবধানে ভ্যানযোগে ছয়টি পাতিলে করে খিচুড়ি আসে এ আশ্রয় কেন্দ্রে। দুই পাশে সারিবদ্ধভাবে সবাইকে বসিয়ে খিচুড়ি বিতরণ করা হয়।
পৌর চেয়ারম্যান মো. রেফাত উল্লাহসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, সাভার কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াছ খান, সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শফিউদ্দিন সরকার এ সময় উপস্থিত ছিলেন।
পৌর চেয়ারম্যান রেফাত উল্লাহ জানান, বৃহস্পতিবার থেকে সাভার কলেজ আশ্রয় কেন্দ্রে প্রতিদিন দুপুরে খিচুড়ি দেওয়া হবে।
প্রণব কুমার সাংবাদিদের জানান, সাভারের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৮,৮৮৬টি পরিবারের ৩৯,৭৩৫ জন সদস্য বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২,১৯৫ একর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং ৩,৩৮০ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে বলে জানান তিনি।
প্রণব কুমার আরও জানান, দুর্গতদের জন্য উপজেলায় মোট ৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। সার্বক্ষণিক কাজ করছে ১৫টি মেডিকেল টিম। এছাড়া গবাদী পশু পাখির জন্য উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে চারটি টিম গঠন করা হয়েছে।
ডা. শফিউদ্দিন সরকার জানান, সাভার কলেজ আশ্রয় কেন্দ্রে বুধবার ৩৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবাই জ্বরে আক্রান্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৯ ঘ.
bdnews24