বগুড়া, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "বানের জন্যি একি তো ঘরে খাবার নাই, তার ওপর কিসতির স্যারদের কতায় মরি যাতি ইচ্চা করে"- হাউমাউ করে কাঁদতে কাঁদতে এ কথা বলছিলেন ধুনটের ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী নির্মলা। ঘর পানিতে তলিয়ে যাওয়ায় যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ঠাঁই নিয়েছেন তারা। সাংবাদিক পরিচয় পেয়ে ওই গ্রামেরই খালেক করাতির স্ত্রী বিনা খাতুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি জিয়া শাহীনকে মঙ্গলবার বললেন, "ভাই সরকারকে লিখা দেন। কয় মাস কিস্তি দিবার পারমু না।"
ক্ষুদ্রঋণের কিস্তির টাকা পরিশোধের চাপ নির্মলা আর বিনার মতো যমুনা পাড়ের বানভাসিদের অনেকের জন্যই আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ত্রাণ অপ্রতুল, তার ওপর কাজ নেই। দুই বেলা ভাত জোটানোই যখন দায়, তখন ঋণের কিস্তির টাকার জন্য এনজিও কর্তাদের চাপ দিশেহারা করে তুলেছে তাদের। এনজিও কর্মকর্তাদের এড়াতে উদ্বাস্তু জীবনের মধ্যেও পালিয়ে বেড়াচ্ছেন অনেকে।
সরেজমিনে ধুনট উপজেলার যমুনা তীরের ভাণ্ডারবাড়ি ও গোসাইবাড়িতে গিয়ে দেখা যায়, ওই দুই ইউনিয়নে প্রায় ১০ হাজার মানুষ এখনও পানিবন্দি। প্রতি বছরই যমুনা ও ইছামতীর তীর ছাপিয়ে ইউনিয়ন দুটিকে প্লাবিত করলেও এবারের চিত্র ভয়াবহ।
গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক কর্মকর্তারা জানান, দুই ইউনিয়ন মিলিয়ে তাদের ঋণ গ্রহিতার সংখ্যা যথাক্রমে ১৫ হাজার ও সাড়ে তিন হাজার। এছাড়া আরও কয়েকটি এনজিও এ এলাকায় ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশাসহ অন্যান্য এনজিওর কর্মীরা কিস্তির টাকার জন্য নৌকা ও ভেলা নিয়ে প্রায় প্রতিনিদিনই এই এলাকায় আসছেন। এ কারণে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ঋণ গ্রহিতারা। কিস্তির টাকা পরিশোধের ভয়ে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের কয়াগাড়ী গ্রামের রুবি খাতুন কদিন আগে স্বামীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে প্রতিবেশীরা জানান।
ভাণ্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন এনজিওর ঋণ গ্রহিতারা এসে আমার কাছে অভিযোগ জানাচ্ছে। গরিব মানুষের কষ্টের বিষয়টি মাথায় রেখে কিস্তির টাকা আদায়ের বিষয়ে এনজিওকর্মীদের আরও সহনশীল হওয়া উচিৎ।"
অবশ্য গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক হাসানুজ্জামান দাবি করেছেন, তার প্রতিষ্ঠানের কর্মীরা বন্যার্তদের প্রতি যথেষ্ট সদয়।
গ্রামীণ ব্যাংক এ দুটি ইউনিয়নের একশ দুর্গতকে সুদমুক্ত ঋণ দিয়েছে বলেও জানান তিনি।
ব্র্যাকের স্থানীয় শাখার ব্যবস্থাপক আলতাফ হোসেনও দাবি করেন, তার প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ৪২০ জনকে ত্রাণ সাহায়তা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/জেকে/১৮১৯ ঘ.
bdnews24