ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকদের কাছ থেকে চাহিদাপত্র পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণের অর্থ ছাড় করার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "জেলা প্রশাসন থেকে আসা ত্রাণের চাহিদাপত্র অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে টাকা ছাড় করবে অর্থ মন্ত্রণালয়।"
বৈঠকে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, "বন্যা শুরু হওয়ার পর এ পর্যন্ত বিভিন্ন উন্নয়নসহযোগী দেশ ১ কোটি ডলার সাহায্য দিয়েছে। রেডক্রস ও ইউএনডিপিও সাহায্য দিয়ে যাচ্ছে।"
স্বরাষ্ট্রসচিব আব্দুল করিম বলেন, "ত্রাণ ও আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।"
বৈঠকে ঢাকার নিুাঞ্চলসহ বন্যা উপদ্রুত এলাকাগুলোতে পুলিশের নৌ টহল বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/এমএইচবি/১৭৩৪ ঘ.
bdnews24