২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজ ও তার পরিবারের বিরুদ্ধে কর ফাঁকির ১১টি মামলায় অভিযোগ গঠন

আয়কর ফাঁকির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে ১১টি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আসামিদের অনুপস্থিতিতে বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম অভিযোগ গঠন করে সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেন। রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে পাঁচটি, শাহজাহান সিরাজের একটি ও রাবেয়া হায়দারের পাঁচটি মামলার সাক্ষ্য নেওয়া শুরু হবে বৃহস্পতি, রবি ও সোমবার। গত ১৬ জুলাই ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের তিন কর্মকর্তা মামলাগুলো দায়ের করেন। বিচারক মামলাগুলো গ্রহণ করে ওই দিনই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। শাহজাহান সিরাজের বিরুদ্ধে মামলা করেন কর অঞ্চল- ৫ এর সহকারী কর কমিশনার মোছাম্মৎ রহিমা খাতুন। এতে অভিযোগ করা হয়, ২০০৩-০৪ করবর্ষে দাখিল করা আয়কর রিটার্নে বিভিন্ন খাতে ব্যয় করা ৯ লাখ ১৯ হাজার ৮০৯ টাকা প্রদর্শন না করে ২ লাখ ৪৭ হাজার ৬৪ টাকা কর ফাঁকি দিয়েছেন শাহজাহান সিরাজ। রাবেয়া হায়দারের বিরুদ্ধে কর ফাঁকির পাঁচটি মামলা করেন সহকারী কর কমিশনার প্রতাপ চন্দ্র পাল। তিনি অভিযোগ করেন, রাবেয়া হায়দার ২০০৬-০৭ করবর্ষে ৫৮ হাজার ৬১৯ টাকা, ২০০৩-০৪ করবর্ষে ৪ হাজার ৮০০ টাকা, ১৯৯৭-৯৮ করবর্ষে ৮৫ হাজার ৯৩৬ টাকা, ১৯৯৫-৯৬ করবর্ষে এক লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা ও ১৯৮৮-৮৯ করবর্ষে ৫ হাজার ৫৬৬ টাকা কর ফাঁকি দিয়েছেন। রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করেন উপ কর কমিশনার আবুল কালাম আজাদ। তিনি অভিযোগ করেন, প্রিকাস্ট কনক্রিট ইন্ডাস্ট্রিজ লি. এর পরিচালক রাজিব সিরাজ অপু ২০০৩-০৪ করবর্ষে ৬৩ হাজার ৭৯ টাকা, ২০০৫-০৬ করবর্ষে ৫ লাখ ৭৪ হাজার ৮২৭ টাকা, ২০০৫-০৬ করবর্ষে ৭৯ হাজার ১৯ টাকা, ২০০২-০৩ করবর্ষে ২ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং ২০০৪-০৫ করবর্ষে ১২ লাখ ৬২ হাজার ১০৬ টাকা কর ফাঁকি দিয়েছেন। এদিকে, বিশেষ জজ আদালত- ৫ এ বুধবার কর ফাঁকির অভিযোগে শাহজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরে বিচারক মো. আশরাফ হোসেন মামলার যুক্তিতর্কের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। ফারজানা খানকে মামলায় পলাতক দেখানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯১৪ ঘ.