২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় কর্মচারীকে খুন করে হোটেলে লুটপাট

মংলা বন্দর এলাকার 'হোটেল সিংগাপুর' নামে একটি আবাসিক হোটেলে কর্মচারীকে খুন করে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে হোটেল কর্মচারী আল আমিনের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

বাগেরহাট, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দর এলাকার 'হোটেল সিংগাপুর' নামে একটি আবাসিক হোটেলে কর্মচারীকে খুন করে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকালে হোটেল কর্মচারী আল আমিনের (২০) লাশ উদ্ধার করে পুলিশ। হোটেলের ব্যবস্থাপক মোসলেম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে বোর্ডারদের দেখভাল শেষে নিচ তলার কলাপসিবল গেট আটকে আল আমিনকে দায়িত্বে রেখে তিনি পাঁচ তলায় ঘুমাতে যান। ভোরে নিচে নামতে গিয়ে দেখেন তার দরজা বাইরে থেকে আটকানো। তখন তিনে বেলকনি থেকে এক রিকশাচালককে ডেকে দরজাটি খুলে দিতে বলেন। নিচে নেমে দেখেন, দোতালায় ক্যাশ কাউন্টারের গ্রিল ও স্টিলের আলমারি ভাঙ্গা। পরে খোঁজাখুঁজি করে হোটেলের ৩ নম্বর কক্ষের বাথরুমে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় আল আমিনের লাশ পাওয়া যায়। আলমারিতে ৪০ হাজার টাকা রাখা ছিল বলে মোসলেম উদ্দিন জানান। তিনি বলেন, "সকাল থেকে ২ ও ৩ নম্বর কক্ষের পাঁচ বোর্ডারকে পাওয়া যায়নি। হোটেলের নিবন্ধ খাতার তথ্য অনুযায়ী তাদের নাম মোহাম্মদ বাশার, ইলিয়াস, শাহীন, মিলন ও সলেমান। প্রথম চার জনের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে, সলেমানের বাড়ি নোয়াখালীতে।" গত ৫ আগস্ট থেকে ওই পাঁচ যুবক হোটেলের ২ ও ৩ নং কক্ষে অবস্থান করছিল বলে মোসলেম উদ্দিন জানান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ এসে আল আমিনের লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। মংলা থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, আল আমিনের মাথায় আঘাতের চিহ্ন এবং ঘাড় ভাঙা ছিল। পুলিশ কর্মকর্তার ধারণা, হোটেলের খাতায় ব্যবহৃত ওই পাঁচ যুবকের নাম ঠিকানা সঠিক নাও হতে পারে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেছার উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মোসলেম উদ্দিন বাদী হয়ে বুধবার দুপুরে ওই পাঁচ যুবককে আসামি করে থানায় একটি মামলা করেছেন। নিহত আল আমিন মংলা বন্দরের ডক শ্রমিক মো. দেলোয়ার হোসেনের ছেলে। তাদের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালি গ্রামে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩১ ঘ.