২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে নৌকাডুবিতে একই পরিবারের তিন জনের মৃত্যূ

মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবিতে নৌ-বাহিনীর কর্মকর্তাসহ একই পরিবারের তিন জনের সলিল সমাধি হয়েছে। স্থানীয় লোকজন বুধবার সকালে ওই কর্মকর্তা ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করলেও অপর জন নিখোঁজ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 05:35 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

মানিকগঞ্জ, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মানিকগঞ্জের দৌলতপুরে নৌকাডুবিতে নৌ-বাহিনীর কর্মকর্তাসহ একই পরিবারের তিন জনের সলিল সমাধি হয়েছে। স্থানীয় লোকজন বুধবার সকালে ওই কর্মকর্তা ও তার শিশুপুত্রের লাশ উদ্ধার করলেও অপর জন নিখোঁজ রয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৩৮) খুলনা নৌঘাঁটির জাহাজ অগ্রদূত-এ লিডিং সিম্যান পদে কর্মরত ছিলেন। গত সোমবার তিনি তিন দিনের ছুটিতে এসে বহরা গ্রামে শশুর বাড়ি বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল ইসলাম তার স্ত্রী বিথী ও পুত্র বাধনকে (৭) সঙ্গে নিয়ে একটি নৌকা করে কয়েকজন আত্মীয়কে আনার জন্য ধামশর (দৌলতপুর) যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৮ টার দিকে প্রবল বাতাস ও ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তার স্ত্রী ও অন্যান্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে বাধন ও শ্যালিকা তারু(১৩)সহ শহীদুল তীরে উঠতে ব্যর্থ হন। অনেক খোঁজাখুজির পর বুধবার সকালে স্থানীয় লোকজন পিতা-পুত্রের লাশ উদ্ধার করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারুর লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ এসকে/১১২৫ ঘ.