ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা আশা তাদের বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তায় ২০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেবে।
মঙ্গলবার আশা'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তায় আশা ৩০ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে রয়েছে প্রায় দুই লাখ পরিবারকে এক হাজার টাকা করে মোট ২০ কোটি টাকা সুদমুক্ত ঋণ, আশা'র কাছে জমাকৃত বন্যাদুর্গত সদস্যদের ১০ কোটি টাকা সঞ্চয় উত্তোলনের সুযোগ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধপত্র,কেনার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ । এছাড়া কুড়িগ্রাম জেলা প্রশাসনকে এক লাখ টাকা দেয়া হয়েছে।
অন্যদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বন্যার্তদের সহায়তায় তার নিজস্ব সম্পদ থেকে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে এবং আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরো ১৫ কোটি টাকা সংগ্রহ করে ত্রাণসহায়তার কাজে ব্যয় করতে পারবে বলে আশা প্রকাশ করেছে।
মঙ্গলবার ব্র্যাক এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার পর্যন্ত তারা ২৬টি জেলার ১০ লাখ মানুষের জন্য দুই কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৯৭৮ টাকার ত্রাণ বিতরণ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৮৩৬ ঘ.
bdnews24