ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের সাহায্যের জন্য গঠিত বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) ত্রাণ তহবিলে যে অর্থ জমা দেওয়া হবে তা আয়করমুক্ত রাখার দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি মীর নাসির হোসেন।
সোমবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের কাছে এ দাবি জানান।
মীর নাসির হোসেন বলেন, "প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া অর্থ যেমন আয়করমুক্ত থাকে, তেমনি এফবিসিসিআইয়ে তহবিলে দেওয়া অর্থও আয়করমুক্ত রাখা হলে ব্যবসায়ীরা সাহায্য দিতে উৎসাহী হবেন।"
তিনি জানান, এফবিসিসিআই ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টাকে এ বিষয়ে চিঠি দিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ত্রাণ তহবিলের অর্থ করমুক্ত করা হোক বা না হোক আমরা বন্যার্তদের জন্য কার্যক্রম চালিয়ে যাবো।"
এফবিসিসিআই এর ত্রাণ কার্যক্রম সম্পর্কে মীর নাসির হোসেন বলেন, "সংশ্লিষ্ট জেলাগুলোর চেম্বার ও সমিতিগুলোকে সম্পৃক্ত করে জেলা প্রশাসনের সমন্বয়ে বন্যাকবলিত ৩৮টি জেলায় পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার সিরাজগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হবে। এফবিসিসিআই এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।"
কী পরিমাণ টাকা বন্যার্তদের জন্য ব্যয় করা হবে জানতে চাইলে মীর নাসির বলেন, "এটা এখনো নির্দিষ্ট হয়নি। আমরা আমাদের ত্রাণ কার্যক্রম সীমাবদ্ধ করতে চাই না। যতদিন পানি থাকবে ততোদিন আমাদের কার্যক্রম চলবে।"
এছাড়া অতিরিক্ত মুনাফার আশায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, "নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার মাধ্যমে ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালন করতে হবে।"
সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী, দেওয়ান সুলতান আহমেদসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২২২৩ ঘ.
bdnews24