বরিশাল, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ সুন্দরবনে সোমবার দুপুরে যাত্রীদের সঙ্গে কর্মচারীদের সংঘর্যে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও লঞ্চযাত্রীরা জানায়, রোববার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সুন্দরবনের লঞ্চটি বরিশালের কাছে ভাষানচরে আটকা পড়ে। সোমবার দুপুরে ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন পরিবহনের অপর একটি লঞ্চ আটকে থাকা লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে যায়। ওই সময় লঞ্চ কর্তৃপক্ষ ঢাকাগামী যাত্রীদের পুনরায় বরিশালে ফিরিয়ে আনতে চাইলে যাত্রীরা প্রতিবাদ জানায়। আর এ নিয়েই বেধে যায় সংঘর্ষ।
আহতদের মধ্যে লঞ্চযাত্রী আজাদ হোসেন (২২), আলমগীর হোসেন (২১), হেলাল উদ্দিন (২৩), মাহবুবুর রহমান (২৫) এবং কুলসুম বেগম (৪২) কে হাসপাতালে পাঠানো হয়েছে।
লঞ্চযাত্রী বেলাল উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি রোববার রাত সাড়ে ৮ টার দিকে ডেকের টিকেট কিনে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে সুন্দরবন লঞ্চে ওঠেন। চরে আটকা পড়লে যাত্রী এবং লঞ্চ কর্মচারীদের এক দফা কথা কাটাকাটি হয়। সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৭ লঞ্চটি আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছে।
তিনি বলেন, "আটকে পড়া লঞ্চ যাত্রীদের একটি ট্রলারে করে সুন্দরবন-৭ লঞ্চে তোলা হয়। এর পর লঞ্চটি বরিশালের উদ্দেশে রওনা করলে ঢাকাগামী যাত্রীরা প্রতিবাদ জানায়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেলে কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে কয়েকজন যাত্রীকে লঞ্চের একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করে।"
লঞ্চটি বরিশাল ঘাটে ভিড়লে পুনরায় যাত্রীদের ওপর হামলা হয় বলে যাত্রীরা জানান। ওই সময় পুলিশ সদস্যরাও কর্মচারীদের সঙ্গে যোগ দেয় বলে যাত্রীরা অভিযোগ করেন।
যাত্রীদের অভিযোগ আস্বীকার করে বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইকরাম উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমরা বরং যাত্রীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়েছি।"
সুন্দরবন লঞ্চের মালিক আকেজ আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি শুনেছি যাত্রীদের সঙ্গে লঞ্চ স্টাফদের ভুল বোঝাবুঝি হয়েছে। এ সময় যাত্রীরা স্টাফদের মোবাইল ফোন নিয়ে যায় বলেও আমাকে জানানো হয়েছে।"
আহত যাত্রীদের জবানবন্দি নেওয়ার পর কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24