ঢাকা, আগস্ট ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের দিন পনের আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেছে।
এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারকে তার কারণও ব্যাখ্যা করতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হকের দায়ের করা রিট আবেদনের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এ রুল জারি করেন।
সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, আইন সচিব, শিক্ষা সচিব সহ ছয়জনকে আগামী এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটটির শুনানিতে মোজাম্মেল হক বলেন, "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনবদ্য ভূমিকার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে জাতি দায়বদ্ধ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ওই দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা জাতির কর্তব্য।"
তিনি আরও বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান স্মরণ করেছে। সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ জাতির জনক বঙ্গবন্ধুর অবদান স্মরণ করে বক্তব্য রেখেছেন। পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর অবদানসহ সঠিক ইতিহাস তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতি হিসেবে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটি সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট বিএনপি সরকার মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্তে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৩৪২ ঘ.
bdnews24