ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বেশিরভাগ নদীর পানিই কমছে। শুধু ঢাকার আশপাশের নদীগুলোর পানি বাড়লেও দুই-একদিনের মধ্যে এ নদীগুলোতেও পানি প্রবাহ কমে আসবে বলে দাবি করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে রাজধানী ও এর পাশ দিয়ে বয়ে চলা পাঁচটি নদীর মধ্যে বুড়িগঙ্গা ছাড়া চারটি নদীর পানি এখনো বিপদ সীমার ওপরে রয়েছে। ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলোতে পানি কমতে থাকায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে দুর্গত এলাকায় মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে ডায়রিয়ার প্রকোপ।
সোমবার পর্যন্ত সরকারি হিসাবে সারাদেশে বন্যায় ১৫৬ জনের মৃত্যু হয়েছে। ৩৯টি জেলার ২৩৯টি উপজেলার এক হাজার ৭৩৩টি পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এখন বন্যা কবলিত।
ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর সোমবার জানিয়েছে, বন্যার্তদের মধ্যে ১১ হাজার ৬১৫ মেট্রিক টন চাল, তিন কোটি সাত লাখ ৫১ হাজার টাকার জিআর (নগদ অর্থ) বিতরণ এবং শুকনো খাবার ক্রয়ের জন্য ৩৮ লাখ টাকা ও উদ্ধার তৎপরতার জন্য ২৪ লাখ ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৮৭ লাখ ৩৮ হাজার ৫৭৩ জন। বন্যা কবলিত এলাকার ৮৯ হাজার ৪৮টি ঘরবাড়ি সম্পূর্ণ এবং পাঁচ লাখ ৮৭ হাজার ৯৯৮টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বানভাসি মানুষের জন্য মোট এক হাজার ৪১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যাতে ঠাঁই নিয়েছে তিন লাখ ১৬ হাজার ৫৮৮ জন। বন্যায় এ পর্যন্ত দেশের সাত লাখ ৯৩ হাজার ১৪০ একর জমির ফসল সম্পূর্ণ এবং ছয় লাখ ৫৬ হাজার ১৮৭ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার কারণে সারাদেশে প্রায় ১৭ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় পাঁচ হাজার।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ২০টি পয়েন্টে ১৪টি নদী বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা নদীর পানি বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ এবং আরিচা পয়েন্টে বিপদ সীমার ওপরে থাকলেও নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে পানি বিপদ সীমার নিচে চলে গেছে। আজকের মধ্যেই বাহাদুরাবাদ পয়েন্টেও পানি বিপদ সীমার নিচে চলে যেতে পারে।
ঢাকা ও এর আশপাশের বন্যা পরিস্থিতিও আগামী দুদিনের মধ্যে উন্নতির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
তবে বুড়িগঙ্গা ছাড়া পাঁচটি নদীর চারটি-ই বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও অন্তত একদিন বাড়তে পারে। তার পরই কমতে শুরু করবে বলে ধারণা বন্যা পূর্বাভাস কেন্দ্রের। পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি কমতে শুরু করেছে, ভাগ্যকূল পয়েন্টেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমতে শুরু করবে।
নদ-নদীর অবস্থা: ঢাকার আশেপাশের নদ-নদীগুলোর মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে ৪৭ সেন্টিমিটার, নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষা ৮ সেন্টিমিটার, মিরপুর পয়েন্টে তুরাগ নদীর পানি ১২ সেন্টিমিটার, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার যথাক্রমে ৫২, ৪৮, ৬৪, ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারাঘাট পয়েন্টে কালিগঙ্গার পানি ৩ সেন্টিমিটার কমলেও বিপদ সীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। জাজির ও রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৩ ও ৭ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১২০ ও ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র অববাহিকার নদনদীগুলোর মধ্যে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার কমে বিপদ সীমার নিচে চলে গেছে। বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে ২৬, ১৫ ও ১৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ০৭, ৭৩, ১০৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। পুরাতন ব্রহ্মপুত্রের জামালপুর পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদ সীমার নিচে চলে গেছে। তবে ময়মনসিংহ পয়েন্টে এখনো এক সেন্টিমিটার ওপরে রয়েছে।
গঙ্গা অববাহিকার উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে পদ্মা ও কপোতাক্ষ ছাড়া বাকিগুলোর পানি বিপদ সীমার নিচে রয়েছে। পদ্মার গোয়লন্দ পয়েন্টে পানি ৮ সেন্টিমিটার কমলেও এখনও বিপদ সীমার ১৩৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। এ ছাড়া ভাগ্যকূল পয়েন্টে অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ পয়েন্টে পানি বিপদ সীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ঝিকরগাছা পয়েন্টে কপোতাক্ষ নদীর পানি দুই সেন্টিমিটার কমে বিপদ সীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর প্রায় সবগুলোর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে ২২ ও ১০ সেন্টিমিটার কমেছে। তবে এই দুই পয়েন্টে পানি এখনও বিপদ সীমার যথাক্রমে ৩৫ ও ৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।
অমলসীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ২৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার নিচে চলে গেছে। শ্যাওলা পয়েন্টে ১৯ সেন্টিমিটার কমে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ পয়েন্টও বিপদ সীমার নিচে চলে যাবে।
ভৈরব বাজার পয়েন্টে মেঘনা নদীর পানি কমতে শুরু করেছে। এ পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। এ ছাড়া চাঁদপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরিয়াজানজিল পয়েন্টে কংশ নদীর পানি ৯ সেন্টিমিটার কমে ৯৬ সেন্টিমিটার ওপরে রয়েছে।
বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24