ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক সিগমা হুদার শারীরিক অবস্থা সম্পর্কে কারকর্তৃপক্ষের বক্তব্য ঠিক নয় বলে দাবি করেছেন তার বোন, এনজিও কর্মী খুশী কবির। তিনি বলেছেন, "সিগমা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ ও মেরুদণ্ডের সমস্যায় আক্রান্ত। ২০০৬ সালে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। হার্টে এখনো ব্লক রয়েছে। ডায়াবেটিসের কারণে তার কিডনি প্রায় ৪৮ ভাগ ক্ষতিগ্রস্ত।
রোববার গণমাধ্যমের অফিসে বিজ্ঞপ্তি পাঠিয়ে খুশী কবির এ তথ্য জানান।
গত ২ আগস্ট কারা উপ- মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "সিগমা হুদা প্রথমদিন থেকেই সুস্থ আছেন।"
বেসরকারি উন্নয়ন সংস্থা 'নিজেরা করি'র নির্বাহী পরিচালক খুশী কবির বলেন, "কারা কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা সঠিক নয়।"
তিনি বলেন "কারা কর্তৃপক্ষের আচরণ এবং ব্যবহার নিয়ে আমাদের কোনও অভিযোগ নেই। কিন্তু ৭ জুলাই কারাগারে নেওয়ার পর থেকে আজ পর্যন্ত সিগমার কোনো ধরনের রক্ত, ইউরিন, ইসিজি বা অন্য কোনো প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।"
তিনি সিগমার স্বাস্থ্য সম্পর্কে রির্পোট প্রকাশ করে সৃষ্ট জটিলতার অবসান করার আহ্বান জানান।
খুশী কবির বলেন, "সিগমার মতন একই অসুস্থতায় আমাদের বড় বোন আলফা আলী চিকিৎসকের শরনাপন্ন হওয়ার আগেই গত অক্টেবরে আকস্মিকভাবে মারা যান।"
গত ২ আগস্ট কারা উপ- মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী গণমাধ্যমে প্রকাশিত সিগমা হুদার "আমার মৃত্যুর জন্য সরকারই দায়ি থাকবে"-এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিডিনিউজকে বলেন,"তার এই বক্তব্য সঠিক নয়। তিনি গত ৫ জুলাই গ্রেপ্তার হওয়ার পর থেকেই সুস্থ আছেন।"
কারাগারের চিকিৎসকের বরাত দিয়ে কারা উপ- মহাপরিদর্শক বলেন, গ্রেপ্তারের প্রথমদিন সিগমা হুদাকে অক্সিজেন দিয়ে আদালতে নিয়ে যাওয়া হলেও সেটির নল তার শরীরের সঙ্গে যুক্ত ছিল না।
এর আগে গত ৩০ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালতে ব্যারিষ্টার সিগমা হুদা তার শরীরের অবস্থা খুব খারাপ দাবি করে মন্তব্য করেছিলেন, তার মৃত্যু হলে সরকার দায়ি থাকবে।
তিনি আরও বলেছিলেন, "আমার শরীরের অবস্থা খুবই খারাপ। অথচ কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। এ বিষয়টি জানিয়ে আমি লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চাই।"
একটি নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় সিগমা হুদা ও তার স্বামী নাজমুল হুদার বিচার কাজ চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/০০৪২ ঘ.
bdnews24