২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় মৃতের সংখ্যা ১২০, খাদ্য-পানির সঙ্কট

বন্যায় ঘর তলিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ শহরের খোকশাবাড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন রিকশা চালক শুক্কুর আলীর স্ত্রী লাকী খাতুন। তার স্বামী শহরে রিকশা চালাতো। শহর জলমগ্ন হয়ে পড়ায় সে এখন বেকার। সকালে পান্তা ভাত খেয়ে স্বামী বেরিয়ে গেছে। দুপুর দুটো পর্যন্ত রান্না হয়নি, কেননা তাদের কাছে আর চাল নেই। কোনও রিলিফও তারা পাননি। তার তাই দেড় মাসের বাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছেন বলে রোববার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লাকি আক্তার। শুধু সিরাজগঞ্জই নয়, এমন চিত্র এখন বন্যা কবলিত প্রায় জনপদেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ঘর তলিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ শহরের খোকশাবাড়ি বাঁধে আশ্রয় নিয়েছেন রিকশা চালক শুক্কুর আলীর স্ত্রী লাকী খাতুন। তার স্বামী শহরে রিকশা চালাতো। শহর জলমগ্ন হয়ে পড়ায় সে এখন বেকার। সকালে পান্তা ভাত খেয়ে স্বামী বেরিয়ে গেছে। দুপুর দুটো পর্যন্ত রান্না হয়নি, কেননা তাদের কাছে আর চাল নেই। কোনও রিলিফও তারা পাননি। তার তাই দেড় মাসের বাচ্চা নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছেন বলে রোববার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লাকি আক্তার। শুধু সিরাজগঞ্জই নয়, এমন চিত্র এখন বন্যা কবলিত প্রায় জনপদেই। উত্তরাঞ্চলের পর এখন বন্যার কবলে পড়েছে রাজধানীসহ মধ্যাঞ্চল। তবে পানি নেমে যেতে শুরু করলেও দুর্ভোগ এখনও ছাড়েনি উত্তরাঞ্চলের বানভাসি মানুষের। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কট এখন চরম। সেই সঙ্গে যুক্ত হয়েছে ডায়রিয়ার প্রকোপ। সরকারি হিসাবে রোববার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ১২০-এ পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত ৩৮টি জেলার ২৩৪ উপজেলা এখন বন্যা কবলিত। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যাও দিন দিন বাড়ছে। এখন এ সংখ্যা ৮০ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৯ হাজার ৪৮টি ঘর। ৬ লাখ ২৮ হাজার ৪৮৮ একর জমির ফসলহানি হয়েছে। ২৯৭টি শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে পানিতে। ৩৬ দশমিক ৬৫ কিলোমিটার বাঁধ গেছে ধসে। ১৮টি ব্রিজ-কালভার্ট ভেসে গেছে। আর সারাদেশে এক হাজার ১৭৫টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৫১ জন মানুষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মো. আবুল বাসার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুড়িগঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়েছে। আগামী তিনদিনে এ নদীর পানি আরও বেড়ে প্লাবিত হতে পারে ঢাকার আশপাশের নতুন নতুন এলাকা।" নদ-নদীর অবস্থা: ঢাকার আশেপাশের নদ-নদীগুলোর মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে ৩৯ সেন্টিমিটার, নারায়ণগঞ্জ পয়েন্টে শীতলক্ষায় ৫ সেন্টিমিটার, মিরপুর পয়েন্টে তুরাগ নদীর পানি ৬ সেন্টিমিটার, টঙ্গী পয়েন্টে টঙ্গী খালের পানি ১৮ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার যথাক্রমে ৩৯, ৪৪, ৩৬, ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারাঘাট পয়েন্টে কালিগঙ্গার পানি এক সেন্টিমিটার কমলেও বিপদ সীমার ১৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। জাগির ও রিকাবীবাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি ৪০ ও ৪ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ১১৭ ও ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার বন্যা পূর্বাভাস কেন্দ্রের বুলেটিনে বলা হয়েছে, ১৩টি নদীর ২১ টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা ও ধলেশ্বরীতে পানি বাড়তে থাকায় মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র। মেঘনায় পানি বাড়ায় ঝুঁকির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রহ্মপুত্র অববাহিকার নদনদীগুলোর মধ্যে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার কমে এখনো বিপদ সীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে ১৭, ১১ ও ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৩৩, ৯৪, ১২১ সেন্টিমিটার ওপরে রয়েছে। পুরাতন ব্রহ্মপুত্রের জামালপুর পয়েন্টে পানি কমলেও বেড়েছে ময়মনসিংহ পয়েন্টে। এই দুই পয়েন্টেই পানি বিপদ সীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গঙ্গা অববাহিকার উল্লেখযোগ্য নদনদীগুলোর মধ্যে পদ্মা ছাড়া বাকিগুলোর পানি বিপদ সীমার নিচে রয়েছে। পদ্মার গোয়লন্দ পয়েন্টে পানি ৪ সেন্টিমিটার কমলেও এখনও বিপদ সীমার ১৪৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। এ ছাড়া ভাগ্যকূল নদীর পানি বিপদ সীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বেড়েছে এক সেন্টিমিটার। মেঘনা অববাহিকার নদ-নদীগুলোর প্রায় সবগুলোর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় কানাইঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে ১৮ ও ১৪ সেন্টিমিটার কমেছে। তবে এই দুই পয়েন্টে পানি এখনও বিপদ সীমার যথাক্রমে ৫৭ ও ১৭ সেন্টিমিটার ওপরে রয়েছে। অমলসীদ ও শ্যাওলা পয়েন্টে কুশিয়ারা নদীর পানি যথাক্রমে ৮ ও ৩ সেন্টিমিটার কমে এখন বিপদ সীমার ৯ ও ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভৈরব বাজার পয়েন্টে মেঘনা নদীর পানি কিছুটা বেড়েছে। এ পয়েন্টে পানি বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার ওপরে রয়েছে। এ ছাড়া চাঁদপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারাদেশ থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর