২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকায় রোববার জমি নিয়ে দুই দলের সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

কক্সবাজার, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকায় রোববার জমি নিয়ে দুই দলের সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। নিহতের নাম কবির আহমদ (৪০)। তিনি পূর্ব গোমাতলীর ফজল করিমের ছেলে। পোকখালী ইউপি চেয়ারম্যান মাওলানা ফরিদুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে রোববার সকালে ওই সংঘর্ষ বাধে। পূর্ব গোমাতলীর ফজল করিমের পরিবার এবং পশ্চিম গোমাতলীর আবদুল গণির পরিবারের মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানান তিনি। ইউপি চেয়ারম্যান বলেন, "সকালে ফজল করিমের লোকজন ওই জমিতে চাষ করতে গেলে আবদুল গণির লোকজন বাধা দেয়। আর এ নিয়েই দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।" সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আবদুল করিম নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে সৈয়দ নুর, নুর আহমদ, ফেরদৌস কবির, কলিম উল্লাহসহ ছয় জনকে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেওয়া হয় বলে জানান ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.