ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -বিমান এয়ারলাইন্স লিমিটেডের জন্য ইজারাভিত্তিতে উড়োজাহাজ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। গুরুতর উড়োজাহাজ সংকট নিরসনে প্রতিষ্ঠানটিকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার মন্ত্রী পরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
আগামী পাঁচ বছরের মধ্যে উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে বলে বৈঠকে জানানো হয়।
উপদেষ্টা কমিটির ওই বৈঠকে ইউরিয়া সার ও চাল আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য পরামর্শক নিয়োগের বিষয়েও সরকার অনুমোদন দিয়েছে।
চারটি দরপত্রের মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার ৫০০ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা বাবদ সরকারের ব্যয় হবে ১২৮ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও খাদ্য মজুদ বাড়ানোর জন্য প্রতিটন ৩৪৯ দশমিক ৯ ডলার দামে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে ভারত থেকে।
এদিকে, সিদ্ধিরগঞ্জে দুটি পিকিং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য বিশ্ব ব্যাংকের অনুমোদন নিয়ে এসএনসি লাভালিন ইন্টারন্যাশনাল নামের একটি কানাডীয় প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/ ১৫১২ ঘ.
bdnews24