চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে থেকে রোববার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত সিএনজি রিফুয়েলিং স্টেশনের হিসাব সহকারীর কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সশস্ত্র ছিনতাইকারীরা।
ছিনতাইকারীর হামলায় আহত হিসাব সহকারী মো. মফিজ উদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মফিজ উদ্দিনের সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে ১২টার দিকে ওয়াসা ভবনের পিছনে অবস্থিত সিএনজি স্টেশন থেকে দুই লাখ ২১ হাজার ৮২০ টাকা নিয়ে হিসাব সহকারী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
সিএনজি স্টেশন থেকে বের হয়ে মফিজ উদ্দিন রাস্তায় আসা মাত্র কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে অস্ত্রের মুখে একটি অটো রিকশায় তুলে নিয়ে যায়। কিছুদুর যাওয়ার পর ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকার প্যাকেট ছিনিয়ে নেয় এবং মারধর করে পথে নামিয়ে দেয় বলে মফিজ উদ্দিন পুলিশকে জানান।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৪০৮ ঘ.
bdnews24