২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজন হলে বিদেশি সাহায্য চাইবে সরকার

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিজস্ব অর্থ সম্পদ কাজে লাগানোর পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনে বিদেশি সাহায্যের জন্য অনুরোধ জানাবে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 05:24 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নিজস্ব অর্থ সম্পদ কাজে লাগানোর পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনে বিদেশি সাহায্যের জন্য অনুরোধ জানাবে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সবিচ ধীরাজ মালাকার ও সশস্ত্র বাহিনীর পিএসও লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বন্যা পরিস্থিতির বিষয়টি পৃথকভাবে উপস্থাপন করেন। এই মুহূর্তে ও বন্যা পরবর্তী সময়ে বন্যাকবলিতদের চাহিদা যথাযথভাবে পূরণের জন্য বৈঠকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। এরমধ্যে রয়েছে বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর রক্ষণাবেক্ষণ, ঘরবাড়ি মেরামত ও নির্মাণ, পুনর্বাসন, কৃষিঋণ বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন। সভায় আরো সিদ্ধান্ত হয়, বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তথ্য উপদেষ্টা এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাংবাদিকদের নিয়মিত ব্রিফিং দেবেন। উপদেষ্টা পরিষদের এ বৈঠকে ছবিসহ ভোটার তালিকা তৈরির জন্য ১৯৮২ সালের ইলেক্টোরাল রুলস অধ্যাদেশ বাতিল করে ভোটার তালিকা অধ্যাদেশ ২০০৭ প্রণয়নের প্রস্তাব অনুমোদন করা হয়। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৭ প্রণয়নের প্রস্তাব বৈঠকে নীতিগতভাবে অনুমোদন করা হয়। এ প্রসঙ্গে বৈঠকে জানানো হয়, অধ্যাদেশটি চূড়ান্ত করা হলে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান অক্ষুন্ন থাকবে এবং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা, কৃষি উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতির ওপর তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বিশেষ আমন্ত্রণে এ বৈঠকে অংশ নেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২৩০৯ ঘ.