ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৭৫ লাখ টাকা চাঁদা নেওয়ার মামলায় দুই দিনের রিমান্ড শেষে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবালুর রহিমকে জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. শফিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান নর্থ স্টার রিসোর্স লিঃ এর পরিচালক এম এম ওয়ালিজ মির্জার দায়ের করা মামলায় গত ১ আগস্ট ইকাবালুর রহিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার অপর অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাছিম ও ছাত্রলীগের অপর সাবেক সভাপতি শাহে আলম, আওয়ামী লীগের সহ সম্পাদক শফি আহমেদ এবং এসএম কামাল হোসেন পলাতক রয়েছেন।
গত ৩১ জুলাই শাহবাগ থানায় দায়ের হওয়া মামলাটির এজাহারে বলা হয় ২০০০ সালে ১২ অক্টোবর নর্থ স্টার রিসোর্স লিঃ ডেসার সাড়ে ৪ কোটি টাকার ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহের কাজ পায়। এই কাজের জন্য অভিযুক্তরা নর্থ স্টারের কর্মকর্তাদের কাছে ১ কোটি টাকা চাঁদা চান। চেকের মাধ্যমে বিভিন্ন সময় ৭৫ লাখ টাকা চাঁদা দেওয়া হয়।
শনিবার আদালতে ইকবালুর রহিমের পক্ষে জেল হাজতে ১ম শ্রেণীর মর্যাদা চাওয়া হলে হাকিম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন। জামিন শুনানিতে ইকবালুর রহিমের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সাহারা খাতুন, ইকবালুর রহিমের ভাই অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিমস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএইচবি/২৩০১ ঘ.
bdnews24