লিটন হায়দার
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলিশান বাড়ির গেটে ইংরেজিতে লেখা 'রেসিডেন্স অফ অনারারি কনসাল অফ ইউক্রেন'। ঠিকানা মিলিয়ে নিতে রাস্তার পাশে দাঁড়ানো এক পুলিশ সদস্যকে জিজ্ঞেস করতেই উত্তর মিলল, "যে বাড়ি খুঁজছেন এটাই সেটি।"
গুলশান- ২ এ ৮৮ নম্বর সড়কে নম্বর সড়কে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের রাজকীয় এই বাড়ির সামনে শনিবার দুপুরে চির পরিচিত কড়া পাহারা দেখা গেল না। প্রায় শুনশান চারদিক।
কর ফাঁকি মামলায় আদালতের নির্দেশে সকাল থেকেই প্রায় দু'বিঘা জমির ওপর গড়ে তোলা এ বাড়ির মালামাল জব্দ করছিল গুলশান থানা পুলিশ।
কোনো বাধা ছাড়া প্রধান ফটক দিয়ে ঢুকতেই সাংবাদিক পরিচয় পেয়ে বসুন্ধরা গ্র"পের এক কর্মকর্তা বললেন, "কোন কথা নয়, আগে বাড়িটি ঘুরে আসুন।"
তাড়াহুড়ো করে ছয়/সাতটি সিড়ির ধাপ পেরিয়ে মূল বাড়িতে ঢুকে হতবাক হতে হলো। সবগুলো দেওয়াল ও মেঝে গ্রানাইড পাথর দিয়ে মোড়ানো। প্রায় প্রতিটি কক্ষের দরজা খোলা। ব্যস্ত কিছু পুলিশ ও বসুন্ধরা গ্র"পের কয়েক কর্মকর্তা ছোটাছুটি করছেন আশপাশে। অবশ্য বাড়ির মালিকের আত্মীয় কাউকে দেখা গেল না।
সাড়ে তিন তলা বাড়ির ভেতর ঢুকলেই ডানে ও বায়ে দোতালায় ওঠার সিড়ি। মালামাল জব্দ করতে আসা গুলশান থানার উপ পরিদর্শক ফারুখ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিবিদককে একগাল হেসে জানালেন, "ভাই সবগুলো কক্ষ এখনো গুনে শেষ করতে পারিনি। একটি একটি করে কক্ষে ঢুকছি আর সেখানকার মালামালের তালিকা করছি। এভাবে পুরো তালিকা করতে অন্তত দুদিন লেগে যাবে।"
বিশাল ড্রইং রুমের দেওয়ালে দেখা যাচ্ছে শাহ আলমের একাধিক ছবি। আছে প্রাকৃতিক দৃশ্যের বাঁধানো ছবিও। মাথার ওপর ঝুলছে একাধিক ঝাড় বাতি। একটি ঝাড়বাতি দেখিয়ে বসুন্ধরা গ্র"পের এক কর্মকর্তা জানালেন, এর দাম ৫০ লাখের কম নয়।
সোফা সেটগুলো আনা হয়েছে দেশের বাইরে থেকে। এগুলোর সামনের টেবিলসহ কক্ষের বিভিন্ন কোণে সাজানো নানা ধরনের মূল্যবান শোপিস সহজেই যে কারো নজর কাড়বে।
এ কক্ষের উত্তর দিকে খাবার কক্ষ। সেখানে চারদিক জুড়ে শালকাঠের আলমারি। এগুলোর ভেতরে রাখা মালামাল দেখে পুলিশের এক কনস্টেবল বলেই ফেললেন, "বুঝলেন ভাই এই রুমের মালামাল দিয়ে আমি-আপনি একটি ফ্ল্যাট কিনে ফেলতে পারব।"
দোতালায় শাহ আলমের শোবার ঘর ছাড়াও আছে বেশ কয়েকটি কক্ষ। সেগুলোর ভেতরে অবশ্য ঢোকা গেল না। গুলশান থানার এক পুলিশ কর্মকর্তা বললেন, "ভাই দূর থেকে দেখে যান। কারণ এখানকার মালামাল এখনো জব্দ করিনি।"
বাধা পেয়ে দূর থেকেই দেখা গেল, প্রতিটি কক্ষই বিদেশি মূল্যবান জিনিসপত্র দিয়ে পরিপাটি করে সাজানো।
ভবনের তিন তলায় ছেলেদের কক্ষ। দেওয়াল সাজানো রয়েছে মূল্যবান নানান চিত্রকলায়। তিন তলার ওপরেই আছে জিমনেসিয়াম।
ভবনের দক্ষিণ দিকে প্রায় তিন কাঠার মতো খালি জায়গা। তার চারধারে বাগান। দক্ষিণ-পশ্চিম কোণে পাখিদের জন্য একটি ঘর থাকলেও সেখানে কোনো পাখি নেই।
পূর্ব দিকে একটি একতলা বাড়ি। খোঁজ নিয়ে জানা গেল, সেখানে ২০ থেকে ২৫ জন দিবা ও নৈশ প্রহরী থাকেন। পালা করে তারা সামলান এ সাম্রাজ্য।
ফটকে ইংরেজিতে লেখার ব্যাপারে বসুন্ধরা গ্র"পের কর্মকর্তা তৌহিদ বিন আহমেদ বলেন, বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলম একইসঙ্গে ইউক্রেনের অনারারি কনসুলারও।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২২৪৭ ঘ.
ু
bdnews24