২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ তহবিল খোলা হচ্ছে: সিরাজগঞ্জে প্রধান উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার সিরাজগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ত্রাণ সহায়তার জন্য রোববার তহবিল খোলা হচ্ছে। সবাই সেখানে সাহায্য পাঠাতে পারবেন। তহবিলের ব্যাংক হিসাব নম্বরও দিয়ে দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

সিরাজগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার সিরাজগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ত্রাণ সহায়তার জন্য রোববার তহবিল খোলা হচ্ছে। সবাই সেখানে সাহায্য পাঠাতে পারবেন। তহবিলের ব্যাংক হিসাব নম্বরও দিয়ে দেওয়া হবে। টাঙ্গাইল থেকে সড়ক যোগে সকাল ১০টা ২৫ মিনিটে সিরাজগঞ্জ জেলা শহরে ঢোকেন প্রধান উপদেষ্টা। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ছাতিয়ানতলী কারিগরপাড়া হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা তপন চৌধুরীসহ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ পৌরএলাকার যমুনা তীরবর্তী রাসেল স্মৃতি পার্কে আশ্রয় শিবিরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম ও বন্যা পরিস্থিতি মোকাবেলা নিয়ে আলোচনা করেন তিনি। শরনার্থী শিবির পরিদর্শনকালে তিনি বন্যার্তদের সার্বিক সহযোগিতা এবং ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ারও প্রতিশ্র"তি দেন। কারিগরপাড়া হাইস্কুল মাঠে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "বিদেশি সাহায্য নেওয়া হবে কী না, তা আজ(শনিবার) বিকালে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিদেশি সাহায্য ইতিমধ্যেই আসতে শুরু হয়েছে। বিভিন্ন দাতা সংস্থা তাদের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের মধ্য দিয়ে বন্যার্তদেরকে সাহায্য করছে।" ড. ফখরুদ্দীন আরও বলেন, "সরকারি-বেসরকারি ত্রাণ কার্যক্রম যেন সমন্বয়ের মধ্য দিয়ে হয়, তা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে।" তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন বন্যাদুর্গত অঞ্চলে সেনাবাহিনী স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিত হয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চালু রেখেছে।" তিনি বলেন, "সিরাজগঞ্জের বিভিন্ন চরাঞ্চলের বন্যা দুর্গতদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে ত্রাণের আওতায় আনা হয়েছে।" দুপুর পৌনে ১টার দিকে প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে সিরাজগঞ্জ ছাড়েন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২০ ঘ.