ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছে সরকার।
অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম নিজেই আশংকা প্রকাশ করেছেন। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তিনি বন্যাজনিত সমস্যার কথা উল্লেখ করেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, "বন্যায় সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। এ দুর্যোগ কাটিয়ে উঠা না পর্যন্ত দ্রব্যমূল্য কিছুটা বাড়বে। তবে আমার বিশ্বাস এটা সাময়িক হবে।''
শনিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশ-এর দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বন্যার কারণে দেশের অর্থনীতিতে কি ধরণের ক্ষতি হবে- এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ''এখনও কিছু বলা যাচ্ছে না। বড় ধরণের যে ক্ষতি হবে এটা নিশ্চিত করে বলা যায়। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে ত্রাণ ও পুনর্বাসন কাজ পরিচালনার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে।''
উপদেষ্টা এসময় জানান, খুব শিগগিরই মজুদবিরোধী আইন প্রণয়ন করা হবে।
সুশাসনের ওপর গুরুত্বারোপ করে মির্জ্জা আজিজুল বলেন, ''দুর্বল করপোরেট শাসন আর্থিক খাতে বিশৃংখলা সৃষ্টি করে।"
ইন্সটিটিউটের সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, আকতার মতিন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে ১৪৫২ ঘ.
bdnews24