২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস-বিদ্যুৎ সঙ্কটে নাকাল পাবনাবাসী

সিলিন্ডার গ্যাস কিনতে শুক্রবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন জেলা শহরের মোস্তাফিজুর রহমান মাসুদ। ৮০০ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। কিন্তু তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তা পাননি তিনি। ফলে কেরোসিন কিনেই বাড়ি ফিরতে হয়েছে তাকে। কোরোসিনের দামও তিন দিনের ব্যবধানে ২০ টাকা বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি ফজলুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার থেকেই রান্না হচ্ছে মাটির চুলায়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো পাবনা জেলায়ই এখন এ অবস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

পাবনা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলিন্ডার গ্যাস কিনতে শুক্রবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন জেলা শহরের মোস্তাফিজুর রহমান মাসুদ। ৮০০ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। কিন্তু তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তা পাননি তিনি। ফলে কেরোসিন কিনেই বাড়ি ফিরতে হয়েছে তাকে। কোরোসিনের দামও তিন দিনের ব্যবধানে ২০ টাকা বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি ফজলুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার থেকেই রান্না হচ্ছে মাটির চুলায়। গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো পাবনা জেলায়ই এখন এ অবস্থা। বুধবার পাবনা যমুনা সেতুর পশ্চিম প্রান্তে নলকায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পাইপলাইনে বিস্ফোরণের পর থেকেই ওই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ। কবে নাগাদ তা চালু করা যাবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। গ্যাস না থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনও। ফলে গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সঙ্কটেও নাকাল পাবনাবাসী। গ্যাস বরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে জেলা শহরসহ ঈশ্বরদী, বেড়া, সাঁথিয়া উপজেলায় ১০ হাজার গৃহস্থালিতে হাহাকার পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই এলাকার প্রায় ২৫টি ভারী শিল্প প্রতিষ্ঠান। ২৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাবনায় এখন মাত্র সাত থেকে আট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম। ফলে শহরে এখন ১২ ঘণ্টাই লোডশেডিং চলছে। এর আগে লোডশেডিং হতো চার থেকে পাঁচ ঘণ্টা। গ্যাস না থাকায় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওষুধ তৈরির কারখানা ইউনিভার্সাল ফর্মাসিউটিক্যালস এর মহাব্যবস্থাপক অচিন্ত চক্রবর্তী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাস-বিদ্যুৎ সঙ্কটে তাদের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনিবার পাবনা শহরে ঘুরে দেখা যায়, গ্যাস সঙ্কট দেখা দেওয়ায় কেরোসিন তেলের দাম এক লাফে ৪২ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হয়ে গেছে। লাকড়ি বা খড়ির দাম মন প্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। এলপি গ্যাসের দোকানগুলোতেও সিলিন্ডার নেই। পশ্চিম গ্যাস কোম্পানির পাবনা অঞ্চলের উপ ব্যবস্থাপক শৈলজানন্দ বসাক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাইপলাইনের যে অংশে বিস্ফোরণ ঘটেছে, তা যমুনার শাখানদী ফুলজোড় নদীতে ২৩ ফুট পানির নিচে। বন্যার পানি সরে না যাওয়া পর্যন্ত ত্র"টি মেরামত করা যাচ্ছে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩১ ঘ.