ভোলা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চরফ্যাশন উপজেলার মিয়াজনপুর গ্রামে সিয়াম নামে ৩৯ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছিত বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিয়াজনপুর কোতোয়াল বাড়ির সালাউদ্দিনের শিশু পুত্র সিয়ামকে বৃহস্পতিবার বাড়ি থেকে কে বা কারা নিয়ে যায়। বহু খোঁজাখুজির পর শুক্রবার বাড়ির সামনের পুকুরে সিয়ামের মৃতদেহ এলাকাবাসী দেখতে পায়।
খবর পেলে পুলিশ লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় সিয়ামের বাবা শুক্রবার রাতে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও উদ্ঘাটন করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫২ ঘ.
bdnews24