চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কাট্টলী উপকূলে ভেসে আসা বিশাল আকারের তিমিটির মাংস ছাড়ানোর কাজ এখনও শেষ হয়নি। শুক্রবার বিকাল পর্যন্ত তিমিটির অর্ধেক মাংস ছাড়ানো হয়েছে। শনিবার দুপুরের মধ্যে এটির কঙ্কাল বের করা সম্ভব হবে বলে আশা করছেন জাতীয় জাদুঘরের কিউরেটর আবু তালেব মোল্লা।
শুক্রবার বিকালে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার দুপুরের মধ্যে তিমিটির পুরো শরীর থেকে মাংস ছাড়ানো শেষ হতে পারে। মাংস ছাড়ানো শেষ হলে আমরা কঙ্কালগুলো আলাদা করে ঢাকায় নিয়ে যাব।"
তিনি জানান, জাতীয় জাদুঘরে বিভিন্ন প্রক্রিয়ায় সংরক্ষণের উপযোগী করে প্রদর্শনের জন্য রাখা হবে তিমিটি।
এদিকে, কাট্টলী উপকূলের রাসমনি ঘাটে এখনও বিপুল সংখ্যক দর্শনার্থী সমাগম হচ্ছে। দেশের অনেক পরিবেশ বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা তিমিকে দেখতে এসেছেন বলে জানান কিউটরেটর আবু তালেব মোল্লা।
উল্লেখ্য, গত রোববার গভীর রাতে প্রায় ৫০ ফুট দীর্ঘ এ তিমিটি বঙ্গোপসাগরের কাট্টলী উপকূলের চরায় আটকা পড়ে। পরে এর কঙ্কাল জাতীয় জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএআর/এমআই/২৩৫৪ ঘ.
bdnews24