২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিন জন খুন

রাজশাহী, গাইবান্ধা ও নীলফামারীতে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, পারিবারিক বিরোধের জের ধরে খুন হয়েছেন দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের হাসেম আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 05:02 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহী, গাইবান্ধা ও নীলফামারীতে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। আমাদের রাজশাহী প্রতিনিধি জানান, পারিবারিক বিরোধের জের ধরে খুন হয়েছেন দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের হাসেম আলী। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, বুধবার প্রতিবেশী আয়নাল ও জয়নালের সঙ্গে হাসেমের ঝগড়া হয়। ওই রাতে আয়নালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আয়নাল, জয়নালসহ কয়েকজন হাসেমকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামে জামাল সরকার (৪২) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে জামালের লাশ পাওয়া যায়। জামাল ওই গ্রামের মৃত কেরু সরকারের ছেলে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা জানান, গত ৩১ জুলাই একই গ্রামের আমজাদ হোসেনসহ কয়েকজন জামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর শুক্রবার দুপুরে তাদের বাড়ি সংলগ্ন পাথারের বিলে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে আমজাদ হোসেনসহ চার জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সুব্রত কুমার জানান, আমজাদ হোসেন ও নিহত জামাল পেশাদার চোর। তাদের নামে সাদুল্যাপুর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। নীলফামারী প্রতিনিধি জানান, সৈয়দপুর উপজেলার খালিশা ধুলিয়া টেপাদহ গ্রামে শুক্রবার সকালে সোহাগী নামের এক গৃহবধূকে তার স্বামী হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আজগর আলী জানান, শুক্রবার সকালে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ভোলা সোহাগীকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানায়। তিনি জানান, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি বসুনিয়াপাড়ার সোহাগীর সঙ্গে তিনবছর আগে সৈয়দপুরের দেলওয়ার হোসেন ভোলার বিয়ে হয়। যৌতুকের ২৫ হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করে বাকি টাকা দিতে না পারায় বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ডিডি/এমআই/২২৫৮ ঘ.