ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির লক্ষণ দেখা গেলেও এবার বন্যার কবলে পড়ছে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চল। উজান থেকে নেমে আসা পানির প্রভাবে ঢাকার আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে। ঢাকার পূর্বাঞ্চলের নিচু এলাকাগুলো এরই মধ্যে প্লাবিত হয়েছে। সবুজবাগ থানার বাসাবো, দক্ষিণগাঁও, নন্দীপাড়া, ত্রিমোহনী এলাকার তিন-চতুর্থাংশ এখন পানির নিচে। ত্রিমোহনী-নন্দীপাড়া এলাকার অনেক বাড়িতে নৌকা ছাড়া ঢোকার কোনও উপায় নেই। দেশের মোট ৩৮টি জেলার ২০৬টি উপজেলায় প্রায় ৭০ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। সরকারি হিসাবে এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ৬৫।
ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার বেশ কয়েকটি নদনদীর পানি কমতে শুরু করায় দেশের উত্তরাঞ্চল ও সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি বৃদ্ধির হারও খানিকটা কমে এসেছে। শুক্রবার ১৭টি নদীর পানি ২৭টি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে বইছিল।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা আরিফুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে আরিচা পয়েন্টে কিছুটা বেড়েছে। আগামী একদিনের মধ্যে পানি কমতে শুরু করতে পারে। এছাড়া পদ্মার বিভিন্ন পয়েন্টে পানি বাড়লেও তার গতি অনেকটাই ধীর।
তিনি আরও জানান, ঢাকা ও আশেপাশের অঞ্চলের নদীগুলোর পানি আরও কয়েকদিন বাড়তে পারে।
সিরাজগঞ্জ ও সিলেট অঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ফরিদপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া ও মুন্সীগঞ্জের পরিস্থিতির অবনতি ঘটেছে। ফরিদপুর শহরের টেপাখোলা, গোপালপুর, হরিসভা ও ইয়াসিন কলেজ এলাকা তলিয়ে গেছে তিন ফুট পানির নিচে। রাস্তায় পানি উঠে পড়ায় মাওয়ার সঙ্গে শরীয়তপুরের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪টি নদীর ২২টি পয়েন্টে পানি কমেছে, বেড়েছে ৩৫টি পয়েন্টে। এর মধ্যে ১৭টি নদীর ২৭টি পয়েন্টে নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে।
ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার বেশ কয়েকটি নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরো বেড়েছে। ডেমরা পয়েন্টে বালু, নারায়ণগঞ্জে লক্ষা, মিরপুর পয়েন্টে তুরাগ, টঙ্গীতে টঙ্গী খাল, তারাঘাটে কালীগঙ্গা, জাজির ও রিকাবী বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ১৯, ৩০, ২২,১৮, ১৩৯, ৩৫ ও ৭৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। এই দুটি পয়েন্টে পানি বিপদসীমার ১৫০ ও ১০৬ সেন্টিমিটার ওপরে রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, বন্যা কবলিত ১৪০২টি ইউনিয়নে ৮৯ হাজার ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে ১ লাখ ৮৬ হাজার একর জমির ফসল। ১০৯টি সেতু ও কালভার্ট ভেসে গেছে। ক্ষত্রিগ্রস্ত হয়েছে আরও ৩৭১টি।
মোট ৯০৩টি আশ্রয়কেন্দ্রে ২ লাখ লোককে ঠাঁই দেওয়া হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24